
শেষ আপডেট: 20 December 2023 22:02
দ্য ওয়াল ব্যুরো: বড়দিন এসেই গেল। ওইদিন রাত অবধি রাস্তায় ভিড় থাকবে। বড়দিন উপলক্ষে মেট্রোর সূচীতে কিছু বদল আনা হয়েছে। কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর মেট্রোর কম সংখ্যক রেক চলবে। তবে গভীর রাত অবধি মেট্রো চালু থাকবে।
মেট্রো সূত্রে খবর, বড়দিনে ২৮৮টির জায়গায় ১৯৪টি রেক চলবে। পরিষেবা শুরু হবে দেরিতে। তবে প্রতি ৮ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। চলবে গভীর রাত অবধি। শুধু তাই নয়, টেট পরীক্ষার জন্য ২৪ তারিখ সকাল সকাল শুরু হয়ে যাবে পরিষেবা।
২৫ তারিখ পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় রাত অবধি মানুষজন রাস্তায় থাকেন। গভীর রাত অবধি সেলিব্রেশন চলে। সে জন্যই ওই দিন অনেক রাত অবধি মেট্রো চালানো হবে বলে মেট্রো রেলওয়ের তরফে জানানো হয়েছে।
সূত্রের খবর, ২৫ ডিসেম্বর দক্ষিণেশ্বর বা দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ৫৫ মিনিটে। ওইদিন শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের পরিবর্তে রাত ১০.৫৮ মিনিটে মিলবে। রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে ১১টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো পরিষেবা পাওয়া যাবে। রাত ৯টা ৪০ মিনিটের পরিবর্তে রাত ১১টা ১০ নাগাদ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো পাওয়া যাবে রাত ১১টা ১০ মিনিট অবধি।