শনিবার সকাল থেকেই ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) কলকাতা পর্ব ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। হাজার হাজার দর্শক টিকিট কেটে যুবভারতীতে হাজির হন মেসিকে এক ঝলক দেখার আশায়।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 13 December 2025 16:26
দ্য ওয়াল ব্যুরো: ফুটবলের রাজপুত্র মেসির কলকাতা সফর (Leonel Messi in Kolkata) ঘিরে গত কয়েকদিন ধরেই শহরজুড়ে উন্মাদনার পারদ চড়ছিল। ১৩ ডিসেম্বরের অপেক্ষায় ছিল ফুটবলপ্রেমীরা, হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন, শুক্রবার মধ্যরাত থেকেই অপেক্ষা করছিলেন স্টেডিয়ামের বাইরে। অবশেষে এল সেই 'মাহেন্দ্রক্ষণ'। কলকাতায় পা রাখেন লিওনেল (Leonel Messi) মেসি। শনিবার সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি মতোই যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuva Bharati Krirangan ) আসেন মেসি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। ফলে দেড় ঘণ্টার কর্মসূচি শেষ হওয়ার আগেই ১৫ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যান ফুটবল তারকা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এত টাকা খরচ করেও মেসির ঝলক দেখতে পারলেন না কেউ, এই অভিযোগ চলে ভাঙচুর-অগ্নিসংযোগ। হতাশ দর্শকদের একজন কেরলের যুবক। ইন্ডিগো-বিপর্যয়ের (IndiGo Crisis) মধ্যেই বাড়তি টাকা খরচ করে বিমানে এসেছিলেন কলকাতায়, শুধু মেসিকে দেখতে। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পারলেন না।
স্টেডিয়ামের বাইরে বেরিয়ে কেরলের যুবক (Kerala Man Disappointment) জানান, মেসিকে দেখতে অনেকদিন আগেই টিকিট কেটেছিলেন এখানে আসবে বলে। কিন্তু তারপরই শুরু হয় ইন্ডিগোর সংকট। তার মধ্যেই কোনওরকমে ব্যবস্থা করে কলকাতা আসতে পেরেছেন। কিন্তু ফুটবলের রাজপুত্রকে দেখতে না পেয়ে একরাশ হতাশা নিয়ে ফিরে যেতে হচ্ছে।
শনিবার সকাল থেকেই ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) কলকাতা পর্ব ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। হাজার হাজার দর্শক টিকিট কেটে যুবভারতীতে হাজির হন মেসিকে এক ঝলক দেখার আশায়। কিন্তু নিরাপত্তা বলয়, মঞ্চের অবস্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের ঘেরাটোপে আর্জেন্তিনীয় তারকাকে কার্যত দেখা যায়নি গ্যালারির বড় অংশ থেকে। মেসির মাঠে উপস্থিতি ছিল মাত্র কয়েক মিনিটের। নির্ধারিত স্টেডিয়াম ল্যাপও সম্পন্ন হয়নি।
এর পরই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যালারি থেকে মাঠে নামেন দর্শকদের একাংশ। চেয়ার, বোতল ছোড়া, ব্যানার ছেঁড়ার ঘটনাও ঘটে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। শেষ পর্যন্ত মেসিকে দ্রুত স্টেডিয়াম ছাড়াতে হয়। দর্শকদের অভিযোগ, তাঁদের টিকিটের টাকায় মেসিকে দেখতে পেয়েছেন এবং সেলফি নিয়েছেন সেলিব্রিটি ও রাজনৈতিক নেতারা।
এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রকাশ্যে মেসির কাছে ক্ষমা চান এবং গোটা ঘটনার জন্য ‘মিসম্যানেজমেন্ট’-কে দায়ী করেন। প্রশাসনিক স্তরে তদন্তের নির্দেশও দেওয়া হয়।
লিওনেল মেসির (Lionel Messi) সংক্ষিপ্ত উপস্থিতির পরই যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ে শনিবার বিকেলে বড়সড় পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। কলকাতায় সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar) স্পষ্ট জানালেন— ঘটনার দায় সম্পূর্ণভাবে ইভেন্টের আয়োজক ও ব্যবস্থাপনার। ইতিমধ্যেই মূল আয়োজক শতদ্রু দত্তকে (Satadru Dutta) গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষ হলে দর্শকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
যুবভারতীর এই বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন, অনুষ্ঠানের আয়োজক ও স্পনসরদের চরম অব্যবস্থাই এই পরিস্থিতির জন্য দায়ী। তবে শুধু আয়োজকরাই নয়, তাঁর মতে পুলিশও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও, তাঁর পুলিশ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। যথাযথ পরিকল্পনা, ভিড় নিয়ন্ত্রণ ও আগাম প্রস্তুতির অভাবেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বলে রাজ্যপালের অভিযোগ। এই ঘটনায় সিভি আনন্দ বোস (CV Anand Bose) রাজ্য সরকারকে একাধিক নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দ্রুত এই নির্দেশ কার্যকর করার কথাও বলেছেন।