আগুনের ছবি
শেষ আপডেট: 18 November 2024 11:44
দ্য ওয়াল ব্যুরো: ফের কসবার অ্যাক্রোপলিস মলে আগুন। পাঁচ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মলে আগুন লাগল। সোমবার সকাল সকাল মলের দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বেরতে দেখে আতঙ্ক ছড়ায়।
এই বিল্ডিংয়ে বেশ কিছু অফিসও রয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত অফিস কর্মীদের সকলকে বাইরে বের করে আনা হয়। আগুন লাগার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ছুটে আসে। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। মলের দোতলার ফুড কোর্ট থেকে আগুন ছড়ায় বলে খবর। আপাতত আগুন নিয়ন্ত্রণে, এমনটাই জানা যাচ্ছে।
গত ১৪ জুন কসবার এই মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় মলটির তিনতলায় একটি ফুডকোর্ট ও চারতলায় একটি রেস্তোরাঁ রয়েছে। তার মাঝেই ছিল বুকস্টোর। সেখানেই আচমকা আগুন লাগে।
দক্ষিণ কলকাতার অন্যতম বৃহৎ এই মলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪ হাজার মানুষের কর্মসংস্থান জড়িয়ে। মলের মধ্যে রয়েছে ১১০টিরও বেশি আউটলেট।
অগ্নিকাণ্ডের জেরে মলের বিস্তর ক্ষতি হয়েছিল। সবদিক খতিয়ে দেখার পর গত ২৫ জুন দমকলের তরফে শপিং মলে বিদ্যুৎ সংযোগের অনুমতি দেওয়া হয়। এরপরই শুরু হয় মেরামতির কাজ। অগ্নিকাণ্ডের স্মৃতি ভুলে নতুন করে সেজে উঠেছিল অ্যাক্রোপলিস মল। কিন্তু ফের পাঁচ মাসের ব্যবধানে মলে আগুন লাগল।