বড়দিনের সময় কোনও অশান্তি যাতে না ঘটে, তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। রাতভর টহলদারি, রাস্তায় প্রায় ১৫০০ পুলিশকর্মী ও বিশেষ নজরদারিতে থাকবে শহরের গুরুত্বপূর্ণ এলাকা।
.jpeg.webp)
কলকাতার রাস্তা সেজে উঠেছে
শেষ আপডেট: 24 December 2025 14:36
দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের আনন্দে কোনও ছায়া পড়তে দিতে চায় না লালবাজার (Lalbazar)। বাংলাদেশে সাম্প্রতিক হিংসার আঁচ এবং দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনার পর কলকাতায় নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ পুলিশ। তাই বড়দিনের উৎসব ঘিরে শহরজুড়ে কড়া নিরাপত্তার চাদরে মুড়তে চলেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
লালবাজার সূত্রে খবর, বড়দিন উপলক্ষে কলকাতার রাস্তায় থাকবেন প্রায় ১৫০০ পুলিশকর্মী। শুধু কনস্টেবল নয়, মোতায়েন থাকবেন ডেপুটি কমিশনার (Deputy Commissioner), অ্যাসিস্ট্যান্ট কমিশনার (Assistant Commissioner) এবং ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরাও। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি চলবে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার থেকেই।
বড়দিন মানেই পার্ক স্ট্রিট (Park Street)। আলোর সাজে ঝলমল করে ওঠা এই এলাকায় প্রতি বছরই জনসমুদ্র নামে। সেই ভিড় সামলাতে এবার একাধিক বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পার্ক স্ট্রিট এলাকায় চার থেকে পাঁচটি ওয়াচ টাওয়ার (Watch Tower) তৈরি করা হয়েছে। সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে ভিড়ের মধ্যেই। পাশাপাশি, মহিলা পুলিশের বিশেষ দল ‘উইনার্স’ (Winners Team) থাকবে বাড়তি নজরদারিতে।
শুধু তাই নয়, দ্রুত পরিস্থিতি সামলাতে পার্ক স্ট্রিট এলাকায় থাকছে কুইক রেসপন্স টিম (Quick Response Team – QRT) এবং হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড (Heavy Radio Flying Squad – HRFS)। বড়দিনের আগের রাতে যাতে অতিরিক্ত ভিড় থেকে কোনও বিশৃঙ্খলা না হয়, তার জন্য পার্ক স্ট্রিট দিয়ে সরাসরি হাঁটার উপর নিয়ন্ত্রণ থাকবে। ওই সময় অ্যালেন পার্ক (Allen Park) হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। ভিড় নিয়ন্ত্রণে ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টররা থাকবেন সর্বক্ষণ তৎপর।
পার্ক স্ট্রিট ছাড়াও বড়দিনে বিশেষ নজরদারি থাকবে শহরের অন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে—চিড়িয়াখানা (Alipore Zoo), ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial), জাদুঘর (Indian Museum), ময়দান (Maidan), প্রিন্সেপ ঘাট (Prinsep Ghat), মিলেনিয়াম পার্ক (Millennium Park) সহ একাধিক এলাকায়। মেট্রোতে (Metro Railway) চলবে আলাদা নজরদারি।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে শহরের বিভিন্ন প্রান্তে করা হবে নাকা চেকিং (Naka Checking)। পুলিশের স্পষ্ট বার্তা—উৎসব হোক, কিন্তু আইন ভাঙার কোনও জায়গা নেই।
উল্লেখ্য, গত শনিবার কলকাতা পুলিশের মাসিক ক্রাইম মিটিংয়েই বাংলাদেশ প্রসঙ্গে কড়া বার্তা দেন নগরপাল মনোজ ভার্মা (Manoj Verma)। তিনি নির্দেশ দেন, বাংলাদেশের অশান্তির আঁচ যেন কোনওভাবেই কলকাতায় এসে না পড়ে, বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকায়। কোনও আগাম ইঙ্গিত মিললেই দ্রুত পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়।
সব মিলিয়ে, বড়দিনে কলকাতা আনন্দে মেতে উঠবে ঠিকই, তবে লালবাজারের কড়া নজরদারির মধ্যেই।