
শেষ আপডেট: 20 November 2023 20:48
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। চলবে আগামী বুধবার পর্যন্ত। মেগা এই বাণিজ্য সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে সেজে উঠেছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার।
সম্মেলনকে ঘিরে কলকাতায় আসতে শুরু করেছেন দেশ-বিদেশের বিভিন্ন শিল্পপতি ও উদ্যোগপতিরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে সল্টলেক এবং নিউটাউন জুড়ে নিশ্ছিদ্র পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সূত্রের খবর, বিশ্ব বাণিজ্য সম্মেলনকে ঘিরে নিরাপত্তার জন্য মোতায়েন করা হচ্ছে প্রায় দেড় হাজার পুলিশ কর্মী। সোমবার থেকেই এলাকায় এলাকায় চোখে পড়ার মতো পুলিশি নজরদারি। গাড়ি থামিয়ে চলছে চেকিং।
জানা গেছে, নিরাপত্তা দেখভালের দায়িত্বে সাতজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন। এছাড়াও নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্বে এসিপি পদমর্যাদার ১৫ জন ও ইনস্পেক্টর পদমর্যাদার ৩৫ জন অফিসার থাকবেন। এই মুহূর্তে আলাদা করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে না। তবে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হতে পারে।
প্রসঙ্গত, বিশ্ব বাণিজ্য সম্মেলনে রাজ্যে বিনিয়োগ টানতে সম্প্রতি স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূ্ত্রের খবর, এবারের শিল্প সম্মেলনে স্পেনের একাধিক সংস্থা হাজির হতে পারে। দুবাই খ্যাত লুলু গ্রুপের প্রতিনিধিদেরও আসার কথা রয়েছে এই সম্মেলনে।
এছাড়াও সম্মেলনে যোগ দিতে পারেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানিও । থাকতে পারেন হিরানন্দানী গ্রুপের কর্ণধার নিরঞ্জন হিরানন্দানী। তবে এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রধান চমক কী, আনুষ্ঠানিকভাবে তা এখনও জানানো হয়নি।