.webp)
অ্যাক্রোপলিস মল।
শেষ আপডেট: 30 July 2024 23:50
দ্য ওয়াল ব্যুরো: দেড় মাসের ব্যবধানে ফের খুলতে চলেছে দক্ষিণ কলকাতার জনপ্রিয় অ্যাক্রোপলিস মল। গত ১৪ জুন কসবার এই মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকে বন্ধ ছিল মল।
মঙ্গলবার এক বিবৃতিতে অ্যাক্রোপলিস মলের তরফে জানানো হয়েছে, আগামী ৩ অগস্ট থেকে মলের ৯০ শতাংশ দোকান চালু হয়ে যাবে। যার মধ্যে রয়েছে ফুড কোর্টও। তবে হপিপোলা, চিলিস, টাইম জোন ইত্যাদি এখনই খুলবে না।
মল কর্তৃপক্ষের দাবি, দক্ষিণ কলকাতার অন্যতম বৃহৎ এই মলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪ হাজার মানুষের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে। মলের মধ্যে রয়েছে ১১০টিরও বেশি আউটলেট। অগ্নিকাণ্ডের জেরে রাতারাতি সেগুলি বন্ধ হয়ে যায়।
অগ্নিকাণ্ডের জেরে মলের বিস্তর ক্ষতি হয়েছিল। সবদিক খতিয়ে দেখার পর গত ২৫ জুন দমকলের তরফে শপিং মলে বিদ্যুৎ সংযোগের অনুমতি দেওয়া হয়। এরপরই শুরু হয় মেরামতির কাজ। জানা গেছে, গত ২৯ জুলাই মল খোলার বিষয়ে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে দমকল বিভাগ।
অ্যাক্রোপলিস মলের জিএম শুভদীপ বসু বলেন, নিয়ম মেনে অগ্নি নির্বাপন-সহ সমস্ত ব্যবস্থা আমরা যথাযথভাবে রেখেছি। সমস্ত কিছু খতিয়ে দেখার পর দমকল বিভাগও অনুমতি দিয়েছে।
২০১৫ সালে চালু হয় এই মলটি। দৈনিক প্রায় ২০ হাজার মানুষের সমাগম হত এই মলে। গত দেড় মাস ধরে যা কার্যত শুনশান হয়ে পড়েছিল।