
শেষ আপডেট: 6 June 2022 15:20
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) এসে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে (KK Death)। নজরুল মঞ্চে গাইতে উঠেছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে সেখানে অনুষ্ঠান সেরে হোটেলে ফিরতেই লুটিয়ে পড়েন। হাসপাতালে কেকে-কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কেকে-র এমন আকস্মিক মৃত্যুতে গোটা দেশের সঙ্গে সঙ্গে চোখ ভিজিছে কলকাতারও। সেই ভেজা চোখ মুছে এবার প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানানোর পালা। কলকাতার সবচেয়ে বড় উৎসবের (Durgapuja) থিম হয়েছেন কেকে।
কেকে-র থিমেই (KK Death) এবছর পুজোমণ্ডপ সাজাতে চলেছে কলকাতার কবিরাজবাগান সার্বোজনীন দুর্গোৎসব কমিটি। নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে শুরু করে কেকে-র মৃত্যুশোক, সবটাই ফুটিয়ে তোলা হবে সেই দুর্গাপুজোর মণ্ডপে। এখন থেকে তার তোড়জোড় শুরু করে দিয়েছেন উদ্যোক্তারা।
তবে এখনও ক্লাবের তরফে নিজেদের পরিকল্পনা খোলসা করে জানানো হয়নি। খুঁটিপুজোর পর সব বিস্তারিত জানা যাবে। শোনা যাচ্ছে, ইতিমধ্যে কেকে-র (KK Death) আদলে মূর্তি বানানোর বায়না পৌঁছেছে কুমোরটুলিতে। কবিরাজবাগানে এবছর পুজোয় দিনরাত শুধু কেকে-র গানই বাজানো হবে ঘুরিয়ে ফিরিয়ে। এই পুজোতে কেকে-র পরিবারকেও আমন্ত্রণ জানানো হবে বলে শোনা যাচ্ছে। সবমিলিয়ে এবছর কবিরাজবাগানের পুজো হতে চলেছে কেকেময়।
সল্টলেকের গুরুদাস কলেজের ফেস্টে গান গাইতে এসেই অকালে মৃত্যু হয়েছে কেকে-র। আর এই কবিরাজবাগানের পুজো হয় ওই কলেজের কাছাকাছি এলাকাতেই। উত্তর কলকাতাঘেঁষা এই পুজোয় প্রতিবছরই কিছু না কিছু নতুন থিমের ছোঁয়া আনেন উদ্যোক্তারা। তাঁদের পুজো দেখতে ভিড়ও হয় প্রচুর। এবছর কেকে ছাড়া আর কিছু ভাবতেই পারছে না কবিরাজবাগান। ক্লাবের কর্তারা বলছেন, এই পুজোর মাধ্যমেই প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তাঁরা।