দ্য ওয়াল ব্যুরো : লোকসভায় মঙ্গলবারই ‘সেমসাইড গোল’ করেছিলেন কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। জম্মু-কাশ্মীরকে ভারত বরাবরই তার অবিচ্ছেদ্য অঙ্গ বলে এসেছে। কিন্তু মোদী সরকারের ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা করতে গিয়ে অধীর লোকসভায় প্রশ্ন তোলেন, কাশ্মীর কি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলা যায়? এই মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়ে তাঁর দল। এরপর বৃহস্পতিবার তিনি ফের বলেছেন, কাশ্মীরের অবস্থা এখন কনসেনট্রেশন ক্যাম্পের মতো।
অধীরবাবুর কথায়, প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে ভাষণে বলেছিলেন, তিনি কাশ্মীরিদের উদ্দেশে বুলেট ব্যবহার করবেন না। তাদের আলিঙ্গন করে কাছে টানবেন। কিন্তু কাশ্মীর এখন কনসেনট্রেশন ক্যাম্পের মতো হয়ে গিয়েছে। লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বৃহস্পতিবার এই মন্তব্য করেন। প্রায় সঙ্গে সঙ্গে বিজেপি নেতা রাম মাধব টুইট করে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে মত বদলে গেল। অর্থাৎ অধীরবাবু লোকসভায় যে বক্তব্য পেশ করেছিলেন, তা থেকে সরে এসেছেন বলে রাম মাধব মনে করেন। তা নিয়েই তিনি কটাক্ষ করেছেন।
https://twitter.com/rammadhavbjp/status/1159370495076126720
অধীর অবশ্য পরে তাঁর লোকসভার বক্তব্য নিয়ে বলেছেন, আমার ভাষণ নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। তাঁর কথায়, আমি সংসদে যা বলেছি, তা সবই নথিভূক্ত আছে। কেউ যদি বিতর্ক সৃষ্টি করতে চায়, আমার কিছু বলার নেই।
পরে তিনি আগের বক্তব্যের কিছু পরিবর্তন করে বলেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু ১৯৪৮ সাল থেকে কাশ্মীরের ওপরে রাষ্ট্রপুঞ্জ নজর রেখে আসছে। জম্মু-কাশ্মীরকে দু’ভাগ করা হলে আমাদের দেশ ও জম্মু-কাশ্মীরের স্ট্যাটাস কী হবে? আমি প্রশ্ন তুলিনি। একটি বিষয়ে খোঁজ নিচ্ছিলাম। আমি অমিত শাহের কাছে জানতে চেয়েছিলাম, এ সম্পর্কে সরকারের অবস্থান কী। তা নিয়েই বিজেপি তথা এনডিএ-র এমপিরা বিতর্ক সৃষ্টি করতে চাইছেন।