দ্য ওয়াল ব্যুরো: পরিদর্শনে বেড়িয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কানওয়ার যাত্রার রাস্তায় সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্যই বেড়িয়েছেন তিনি। কিন্তু পরিদর্শনে গিয়েও যে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়বেন তা ঘুনাক্ষরেও ভাবেননি তিনি।
শুক্রবার সংবাদ মাধ্যম এএনআই তাদের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে হেলিকপ্টারের মধ্যে বসে যোগী। মীরাটের উপর দিয়ে উড়ে যাচ্ছে তাঁর হেলিকপ্টার। তখনই দেখা গেল নিচে রাস্তা দিয়ে যাওয়া লোকজনের উদ্দেশে হাত নাড়ছেন তিনি।
https://twitter.com/ANINewsUP/status/1025373693470359553
এই ভিডিও প্রকাশ হতেই নেটিজেনদের ট্রোলের মুখে পড়েন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। অত উঁচু থেকে হাত নাড়লে নীচে কারও পক্ষে সেটা দেখতে পাওয়া সম্ভব নয়। তাহলে কার উদ্দেশে হাত নাড়ছিলেন যোগী? অনেকেই এর সঙ্গে ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ছবি বর্ডারের তুলনা টেনেছেন।
বর্ডারের শেষ সিনে দেখা যায় পাক সেনাকে হারানোর পর মিগ বিমানে বসে থাকা জ্যাকি শ্রফ নিচের দিকে থাম্বস আপ দেখাচ্ছেন। নীচ থেকে ভারতীয় সেনার প্রধান সানি দেওল সেটা দেখতেও পেলেন। সেই সঙ্গে তিনিও থাম্বস আপ দেখালেন জ্যাকির উদ্দেশে। যেটা কখনও সম্ভব নয়।
https://twitter.com/Siddiquii_says/status/1025384749446168577
তবে শুধু নেটিজেনরা নয়, যোগীর এই কর্মকাণ্ড নিয়ে রসিকতা করেছেন অনেক বিরোধী নেতা। কারও বক্তব্য, যোগীর এই সাধারণ জ্ঞান টুকু নেই, যে অত উঁচুতে হেলিকপ্টারের মধ্যে কে বসে আছে, সেটা দেখাই সম্ভব নয় নীচ থেকে। তাহলে তাঁর হাত নাড়া কীভাবে দেখতে পাবেন রাস্তার লোক? কেউ আবার বলেছেন, নিজেকে দেশভক্ত বলা যোগী বোধহয় বর্ডার ছবিটা অনেক বার দেখেছেন। তাই তাঁর মনে গেঁথে আছে যে অত উঁচু থেকে হাত নাড়লেও নীচে ঠিক কেউ না কেউ দেখতে পাবে।
তবে এইসব হাসি-ঠাট্টাকে পাত্তা দিচ্ছেন না উত্তর প্রদেশের বিজেপি নেতারা। তাঁদের বক্তব্য বিরোধীরা যা ইচ্ছা বলতে পারেন, তাতে রাজ্যের মানুষের প্রতি যোগী আদিত্যনাথের যে ভালোবাসা তা কোনওভাবেই কম হয় না। বিরোধীরা উত্তর প্রদেশের উন্নয়ন দেখে হিংসায় এইসব বলছেন।