
শেষ আপডেট: 20 February 2023 08:56
দ্য ওয়াল ব্যুরো: সোমবারই ভেঙে যেতে পারে নীতীশ কুমারের (Nitish Kumar) নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড (Janata Dal United)। বিক্ষুব্ধ নেতা তথা জেডিইউ'র সংসদীয় বোর্ডের সভাপতি উপেন্দ্র কুশওয়ার ডাকে পাটনায় চলছে দু'দিনের সম্মেলন। আজ সম্মেলনের সমাপ্তি দিনে কুশওয়া নতুন দল ঘোষণা করতে পারেন বলে পাটনার রাজনৈতিকভাবে খবর।
দল ভাঙনের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে জেডিইউ'র ১৬ সাংসদের মধ্যে ছয় জন কুশওয়ার অধিবেশনে যোগ দেওয়ায়। বিক্ষুব্ধ নেতার বক্তব্য, জেডিইউ'কে রক্ষা করতেই এই সম্মেলনের আয়োজন করেছেন তিনি। তাঁর লড়াই যে মুখ্যমন্ত্রী নীতীশের বিরুদ্ধে তা নিয়ে কারও কোনও সংশয় নেই। কুশওয়ার অভিযোগ, নীতীশ দলকে লালুপ্রসাদের হাতে সঁপে দিয়েছেন।
বিবাদের সূত্রপাত, নীতীশের এক ঘোষণাকে ঘিরে। মাস তিনেক আগে বিধায়ক দলের বৈঠকে নীতীশ বলেন, ২০২৫-এ বিহার বিধানসভার নির্বাচনে মহাজোটের নেতৃত্ব দেবেন তেজস্বী যাদব। অর্থাৎ লালুপ্রসাদ
পুত্র তথা আরজেডি নেতাকে মুখ্যমন্ত্রী মুখ করে ভোটে লড়বে মহাজোট, স্পষ্ট করে দেন নীতীশ।
লালুপ্রসাদের চাপের মুখে এমন ঘোষণা করা মাত্র নিজের দলে প্রবল চাপের মুখে পড়েছেন নীতীশ। আর বিজেপি এমন পরিস্থিতিরই অপেক্ষায় ছিল। তাদের মনোবাসনা পূর্ণ করতে এগিয়ে আসেন কুশওয়া। নীতীশের ঘোষণায় বিদ্রোহ ঘোষণা করেন এই প্রবীণ নেতা।
আশ্চর্যের হল, কুশওয়া জেডিইউতে নীতীশের লোক বলে পরিচিত ছিলেন। সেই ঘনিষ্ঠতার সুবাদে তিনি জেডিইউ র সংসদীয় পার্টির সভাপতি হন। যদিও নিজে বিহার বিধান পরিষদের সদস্য। সেই কুশওয়া নীতীশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় তাঁর পিছনে বিজেপির উসকানি রয়েছে বলে অভিযোগ করছে নীতীশ শিবির।
গতবছর অগাস্টে নীতীশ বিজেপির সঙ্গ ছেড়ে লালুপ্রসাদের হাত ধরার পর পদ্ম শিবির ঘোষণা করে বিহারের মুখ্যমন্ত্রীকে রাজনৈতিকভাবে নিঃস্ব করে ছাড়বে তারা। আজ কুশওয়া নতুন দল ঘোষণা করলে পদ্ম শিবিরের সংকল্প অনেকটা পূরণ হবে সন্দেহ নেই।
বিবাহিত প্রেমিকাকে খুন করে দেহ কুচি কুচি করে কাটল প্রেমিক, নৃশংস হত্যাকাণ্ড রাজস্থানে