
শেষ আপডেট: 18 April 2019 18:30
ক্যাথিড্রালের সঙ্গে ডিজনির সম্পর্ক তৈরি হয় ১৯৯৬ সালে। ফরাসি সাহিত্যিক ও ঔপন্যাসিক ভিক্তর হুগোর ‘দ্য হাঞ্চব্যাক অব নোতর দাম’ অবলম্বনে অ্যানিমেশন ছবি বানিয়েছিল ডিজনি। ১৮৩১ সালে এই এই ফরাসি কবিরই লেখনীতে নোতর দামকে ফের নতুন করে চিনেছিল বিশ্ববাসী। এর সৌন্দর্য ও ইতিহাসকে পরতে পরতে নিজের সাহিত্যে বাস্তব রূপ দিয়েছিলেন হুগো।
https://twitter.com/RobertIger/status/1118496410381500417
ববের কথায়, ‘‘এই দুর্যোগের সময় আমাদের একান্ত আপন, আমাদের বন্ধুর পাশে দাঁড়াতে চাই। যতদূর সাহায্য সম্ভব আমরা করবো।’’
প্রায় এক ঘণ্টার আগুনে ক্যাথিড্রালের ভিতর ও বাইরের সিংহভাগ বিপর্যস্ত। উত্তর ও দক্ষিণের সৌধদুটি অক্ষত থাকলেও ভেঙে পড়েছে এর ৩০০ ফুট উঁচু ধাতব মিনার। ক্যাথিড্রালের অধিকাংশ প্রাচীন মূর্তি, দুর্লভ ছবি অগ্নিদগ্ধ। ক্ষত সারিয়ে পুরনো গরিমা ফিরে পেতে ঠিক কত বছর লাগবে সেটা ঠিক করে বলতে পারেনি সরকার। বুধবারই নোতর দামের রেকটর প্যাট্রিক শোভে জানিয়েছিলেন, আগামী পাঁচ বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে ক্যাথিড্রালের দরজা। সেই সময় পুরোদমে চলবে সংস্কারের কাজ। বিশ্বের স্বনামধন্য স্পপতিদের ডাক দেওয়া হয়েছে। পাঁচ বছর পরে ক্যাথিড্রাল আবার তার পুরনো চেহারায় ফিরবে বলে আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর। তাঁর কথায়, ২০২৫-এর অলিম্পিকের আগেই নোতর দামের রূপ দেখে সকলে ধন্য ধন্য করবে।
ক্যাথিড্রাল সংস্কারের জন্য অনুদান দিয়ে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছেন ফ্রান্সের একাধিক শিল্পপতি। অ্যাপল সংস্থার সিইও টিম কুক টুইট করে অনুদান দেওয়ার কথা বলেছেন। তবে সেই অঙ্কটা কত এখনও ঠিক করে জানাননি তিনি। হলিউডের বিখ্যাত অভিনেত্রী সালমা হায়েকের কোটিপতি স্বামী ও বিখ্যাত ফরাসি শিল্পপতি ফ্রাঁসোয়া অঁরি পিনো ১০০ মিলিয়ন ইউরো অনুদান দেওয়ার অঙ্গীকার করেছেন। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত সব মিলিয়ে অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৯০০ মিলিয়ন ডলার।