দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনার সলিডারিটি ট্রায়ালে এইচআইভির ওষুধ লোপিনাভির ও রিটোনাভিরের কম্বিনেশন থেরাপি চলছে দীর্ঘদিন ধরেই। শুরুতে এই ওষুধের প্রয়োগে সংক্রমণ সারার সম্ভাবনা দেখা গেলেও বর্তমানে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, কোভিড সারাতে তেমন কোনও কার্যকরী ভূমিকাই দেখায়নি এই দুই ওষুধের কম্বিনেশন। ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রক্সিক্লোরোকুইনের মতোই কোভিড রোগীদের মৃত্যুহার কমাতে ব্যর্থ লোপিনাভির ও রিটোনাভির।
কোভিড মোকাবিলায় বিভিন্ন ওষুধ ও তাদের কম্বিনেশনে রিকভারি ট্রায়াল করছে অক্সফোর্ড। এই ট্রায়ালের রিপোর্ট সামনে এনেই গবেষকরা দাবি করেছেন, এইচআইভির এই দুই ওষুধ আলাদা করে এবং এদের বিভিন্ন ডোজের কম্বিনেশন প্রয়োগ করেও সঙ্কটাপন্ন কোভিড রোগীদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। ভেন্টিলেটর সাপোর্ট বা অক্সিজেন সাপোর্ট দিতেই হয়েছে। এমনকি মৃত্যুর ঝুঁকি কমার লক্ষণও দেখা যায়নি। হাইড্রক্সিক্লোরোকুইনের রিকভারি ট্রায়ালের পরেও এমনই রিপোর্ট দিয়েছিল অক্সফোর্ড। তবে হাইড্রক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইনের প্রভাবে রোগীদের শরীরে নানারকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছিল। লোপিনাভির ও রিটোনাভিরের কম্বিনেশনে তেমন কোনও ‘অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন’ দেখা গিয়েছে বলে জানা যায়নি।
https://twitter.com/PJOnline_News/status/1277995812413485056
অক্সফোর্ডের রিকভারি ট্রায়ালের রিপোর্ট, নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনেও একই কথা বলা হয়েছে
অক্সফোর্ড ইউনিভার্সিটির ড্রাগ রিকভারি ট্রায়াল কমিটির তরফে জানানো হয়েছে, ১৫৯৬ জন করোনা রোগীকে দেওয়া হয়েছিল এই দুই ওষুধ এবং তাদের বিভিন্ন ডোজের কম্বিনেশন। থেরাপি শুরু পরে ৪% রোগীকে মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়। ৭০% রোগীকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়। বাকিদের শারীরিক অবস্থারও তেমন কোনও উন্নতি হয়নি।
https://twitter.com/NIHRresearch/status/1277923597592510466
রিকভারি ট্রায়ালের চিফ ইনভেস্টিগেটর পিটার হর্বে বলেছেন, টানা ১০০ দিন ধরে বিভিন্ন ওষুধ ও তাদের কম্বিনেশনের রিকভারি ট্রায়াল হয়েছে। লোপিনাভির ও রিটোনাভিরের সঙ্গে অন্যান্য ওষুধের ট্রায়ালের রিপোর্টের তুলনামূলক বিশ্লেষণ করে দেখা গেছে, এইচআইভির প্রতিষেধকের প্রয়োগে মৃত্যুহার ২২.১। যদি ২৮ দিনের মাপকাঠি ধরা হয় তাহলে এই দুই ওষুধ কোনও সম্ভাবনা দেখাতে পারেনি। সেই তুলনায় ডেক্সামিথাসোনের প্রয়োগে সাফল্য মিলেছে।
চিনের ন্যাশনাল ক্লিনিকাল রিসার্চ সেন্টারের রিকভারি ট্রায়ালের রিপোর্টেও একই কথা বলা হয়েছে। এই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে ‘নিউ ইংল্যান্ড জার্নাল ব মেডিসিনে’ (NEJM) । ভারতে ফেব্রুয়ারি মাস থেকেই এই দুই ওষুধের ক্লিনিকাল ট্রায়াল করছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। জয়পুরের সাওয়াই মান সিং হাসপাতালে কোভিড পজিটিভ দুই ইতালীয় পর্যটককে এই ওষুধের কম্বিনেশন দিয়ে ভাল ফল মিলেছিল বলে দাবি করা হয়েছিল। তবে সাম্প্রতিক ট্রায়ালের রিপোর্টে কেমন ফল দেখা যাচ্ছে সে বিষয়ে কিছু জানা যায়নি।