দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান চিরাচরিত সংঘাতের ছবি ফের সামনে চলে এল। ইসলামাবাদে ভারতের কূটনীতিকদের চূড়ান্ত ভাবে হেনস্থা করার অভিযোগ তুলল ভারতীয় হাই কমিশন। অভিযোগ, মার্চ মাসের ৮ থেকে ১১ তারিখের মধ্যে বেশ কয়েকবার নানা ভাবে ভারতীয় হাই কমিশনের আধিকারিকদের হেনস্থার মুখে পড়তে হয়েছে। এর ভিত্তিতে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে অভিযোগও দায়ের করেছে ভারতীয় হাই কমিশন।
গত ১৩ মার্চ পাকিস্তান বিদেশ মন্ত্রকের কাছে লিখিত ভাবে ভারতীয় হাই কমিশনের তরফে জানানো হয়, ভারতের ডেপুটি হাই কমিশনার, ন্যাভাল অ্যাডভাইজার এবং ফার্স্ট সেক্রেটারিকে নানা ভাবে অপমান করা হয়েছে। অন্তত ১৩ বার তাঁদের হেনস্থার মুখে পড়তে হয়েছে। ভারতীয় কূটনীতিকদের গতিবিধি নজরে রাখার জন্য তাঁদের পিছনে গোয়েন্দা লাগানোর অভিযোগও উঠেছে।
ভারতীয় হাই কমিশনের দাবি, সর্বক্ষণ ভারতের কূটনীতিকদের চোখে চোখে রাখছে পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা। যে কোনও জায়গায় গোপনে তাঁদের পিছু নেওয়া হচ্ছে। গত ৮ মার্চ ফার্স্ট সেক্রেটারির গাড়ির পিছু নেয় পাক গোয়েন্দারা। ওই দিনেই ভারতের ডেপুটি হাই কমিশনারের বাড়ির সামনে মোটরবাইকে ঘুরতে দেখা যায় পাক নিরাপত্তারক্ষীদের।
পাকিস্তানের এই আচরণবিধির কড়া নিন্দা করেছে ভারতীয় হাই কমিশন। অভিযোগ, ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। মূলত এই চুক্তি দ্বারাই ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক পরিচালিত হয়। কূটনৈতিক সম্পর্ক নিয়ে ১৯৬১-তে ভিয়েনায় এক সম্মেলনে তা স্থির করা হয়েছিল। ১৯৯২-তে দুই দেশের কূটনীতিকদের আচরণবিধি নিয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে ভারত-পাকিস্তান। ওই আচরণবিধি অনুযায়ী, দুই দেশের কূটনীতিক ও তাঁদের পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত থাকবে। পাশাপাশি, এটা সুনিশ্চিত করা হবে যাতে মৌখিক বা শারীরিক ভাবে কূটনীতিকদের কোনও রকম হেনস্থার মুখে পড়তে না হয়।