
শেষ আপডেট: 4 December 2022 05:56
দ্য ওয়াল ব্যুরো: তিহার জেল (Tihar Jail) কর্তৃপক্ষের কাছে এবার বই (book) চাইল শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় অভিযুক্ত আফতাব পুনাওয়ালা (Aaftab Poonawala)। পুলিশের হাতে ধরা পড়ার পর আপাতত তিহার জেলের অন্ধকার গারদই তার ঠিকানা। সেখানে সে কখনও দাবা খেলে, কখনও চুপচাপ বসে থাকে। আর এবার সে 'দ্য গ্রেট রেলওয়ে বাজার' নামের একটি ইংরাজি উপন্যাস পড়তে চেয়ে আবদার করেছে।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, আমেরিকান ঔপন্যাসিক পল থেরক্সের লেখা 'দ্য গ্রেট রেলওয়ে বাজার: বাই ট্রেন থ্রু এশিয়া' বইটি সম্প্রতি আফতাব পড়তে চেয়েছিল। এরপর দিল্লি পুলিশ বইটি আনানোর ব্যবস্থা করে। বইটি খতিয়ে দেখে তারপর আফতাবের হাতে তুলে দেওয়া হয়। পরে জেলের তরফে জানানো হয়, বইটির গল্প ক্রাইম নির্ভর নয়। এমনকী কারও ক্ষতি হতে পারে, তেমন কোনও বিষয়ও বইতে পাওয়া যায়নি।
সূত্রের খবর, এতদিন গরাদের ভিতর দাবা খেলেই সময় কাটাচ্ছিল আফতাব। কখনও একা একাই দাবা খেলত, কখনও আবার একই কক্ষে থাকা আরও দুই বন্দির সঙ্গে দাবা খেলতে দেখা যেত তাকে। মূলত দাবার বোর্ড-ঘুঁটি নিয়ে ঘাঁটাঘাঁটি করা তার অভ্যাস বলা চলে। তবে দাবা খেলা ছাড়া বাকি দু'জনের সঙ্গে আফতাবকে তেমন কথা বলতে দেখা যায়নি। আসলে নিজের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাতে ভালবাসে সে। তাই সে বই চাওয়ার পরেই সেটি জোগাড় করে দিয়েছে জেল কর্তৃপক্ষ।
জঙ্গলে শৌচকর্মে গিয়ে বিপত্তি! গণধর্ষণের পর খুন দলিত নাবালিকা, মথুরায় গ্রেফতার ২