দ্য ওয়াল ব্যুরো : "সকলকে ভ্যাকসিন (Vaccine) দিতেই হবে। নাহলে অতিমহামারী (Pandemic) শেষ হবে না।" সোমবার দাভোস ফোরামের (Davos Forum) অনলাইন বৈঠকে এমনই বললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুয়াত্রেস। বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও শিল্পপতিদের সম্মেলনে তিনি বলেন, "গত দু'বছরে আমরা এক নিষ্ঠুর সত্যের মুখোমুখি হয়েছি। আমরা যদি কাউকে বাদ দিই, কার্যত সকলেই বাদ পড়বে।" অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, একজনও যদি ভ্যাকসিন না নিতে পারে, তাহলে পুরো ভ্যাকসিন কর্মসূচিই ব্যর্থ হবে।
পরে তিনি বলেন, "আমরা যদি প্রত্যেককে প্রতিষেধক দিতে ব্যর্থ হই, তাহলে কোভিডের নতুন ভ্যারিয়ান্ট জন্ম নেবে। ভাইরাস সীমান্ত মানে না। নতুন ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়লে দৈনন্দিন জীবন এবং অর্থনীতি থমকে যাবে।" গুয়াত্রেস বলেন, আন্তর্জাতিক মহলকে 'স্বচ্ছতার সঙ্গে' অতিমহামারীর মোকাবিলা করতে হবে।
মহাসচিব জানান, হু স্থির করেছিল, ২০২১ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশকে টিকা দিতে হবে। ২০২২ সালের মাঝামাঝির মধ্যে টিকা দেওয়া হবে জনসংখ্যার ৭০ শতাংশকে। পরে গুয়াত্রেস বলেন, "আমরা সেই লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছতে পারিনি।" তিনি বলেন, "লজ্জার কথা হল, ধনী দেশগুলিতে টিকাকরণের হার আফ্রিকার দেশগুলির তুলনায় সাতগুণ বেশি। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে একপ্রকার সমতা থাকার দরকার ছিল।"
গুয়াত্রেস বলেন, ওষুধ কোম্পানিগুলির উচিত উন্নয়নশীল দেশগুলির পাশে দাঁড়ানো। তাদের প্রযুক্তি দিয়ে সাহায্য করা উচিত। তবেই আমরা অতিমহামারী পর্ব থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাব।