রবিবার সকালে ময়দানের কাছে দুর্ঘটনা। গাড়িতে ধাক্কা মারায় এলাকায় সাময়িক যানজট ও আতঙ্ক ছড়ায়।

ফোর্ট উইলিয়ামের কাছে দুর্ঘটনা
শেষ আপডেট: 30 December 2025 11:22
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে ময়দানের কাছে পথ দুর্ঘটনা। ফোর্ট উইলিয়ামের (Fort William) কাছে ক্যাসুরিনা রোডে (Casuarina Road) একটি সরকারি বাস (State Transport Bus) সজোরে ধাক্কা মারে একটি গাড়িকে। হতাহতের কোনও খবর নেই। তবে সাময়িকভাবে উত্তেজনা ছড়ায় এলাকায় ও যান চলাচলও আংশিক ব্যাহত হয়।
ঘটনার সময় আমতলা (Amtala) থেকে হাওড়া (Howrah) যাচ্ছিল বাসটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, অফিস টাইম হওয়ায় ক্যাসুরিনা রোডে যান চলাচল তখন তুলনামূলক বেশি ছিল। আচমকাই বাসটির সামনে চলে আসে একটি ছোট গাড়ি এবং ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে সজোরে ব্রেক কষেন বাস চালকও। কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি ফলে গাড়িটির পিছনে বাসটি ধাক্কা মারে।
ছোট গাড়িটি তারাতলা (Taratala) থেকে ভিক্টোরিয়া হাউসের (Victoria House) দিকে যাচ্ছিল। গাড়ির চালকের দাবি, তাঁর সামনে একটি বাইক হঠাৎ পড়ে যায়। সেই বাইকটিকে বাঁচাতে তিনি আচমকা ব্রেক মারতে বাধ্য হন। ঠিক সেই সময়েই পিছন থেকে আসা বাসটি আর থামতে পারেনি।
বাসের যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন জানান, ধাক্কাটা বেশ জোরে লাগে। কেউ কেউ সামান্য ধাক্কা খেয়ে পড়ে গেলেও গুরুতর আঘাতের খবর নেই। কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকালের ভিড়ে এমনভাবে বাস চালানো ঠিক নয়। একটু সাবধানে চললে দুর্ঘটনা এড়ানো যেত।”
অন্যদিকে বাসচালকের দাবি, তাঁর কিছু করার ছিল না।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ (Police)। কিছুক্ষণের মধ্যেই রাস্তা আংশিকভাবে পরিষ্কার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলে। দুর্ঘটনাগ্রস্ত চার চাকার গাড়িটি রাস্তার এক পাশে সরিয়ে দেওয়া হয়। বাসটিকেও সাময়িকভাবে দাঁড় করিয়ে রাখা হয় তদন্তের জন্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। বাস ও গাড়ির চালক-দু’জনেরই বক্তব্য নথিভুক্ত করেছেন আধিকারিকরা। সঙ্গে বাইক পড়ে যাওয়ার বিষয়টি নিয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে খতিয়ে দেখা হবে এলাকার সিসিটিভি ফুটেজ।
একদিকে যখন ময়দানে এই পরিস্থিতি, অন্যদিকে তখন কসবায় অ্যাক্রপলিস মলের কাছে একটি দুর্ঘটনা হয়। একটি বাইক পিছলে পড়ে যায়, খাবার ডেলিভারি দিতে যাচ্ছিলেন চালক। খাবার-সহ তাঁর ব্যাগে থাকা জিনিতপত্র রাস্তায় ছড়িয়ে যায়। দ্রুত সিভিক ভলান্টিয়র ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাইকটি সরানোর চেষ্টা করেন। গুরুতর চোট লাগেনি বলে খবর।
তবে অফিস টাইমে সাময়িক যান চলাচল ব্যহত হওয়ায় আংশিক যানজট হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।