এলাকায় মানবিক বলে পরিচিত ওই নেতার ওপর কেন হামলা হল, তা নিয়ে চিন্তায় স্থানীয়রা।

তৃণমূল নেতা বাবু মন্ডল
শেষ আপডেট: 28 November 2025 11:21
দ্য ওয়াল ব্যুরো: ফের আক্রমণ তৃণমূল (TMC) শিবিরে। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হাওড়ার (Howarh) তৃণমূল নেতা বাবু মন্ডল (TMC leader attacked and hospitalised)। তিনি সাঁপুইপাড়া-বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূলের স্থানীয় চেয়ারম্যান। তাঁর সঙ্গে আহত হয়েছেন অনুপম রাণা নামে তাঁর এক সঙ্গী। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ নিশ্চিন্দা থানার সাঁপুইপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুপমের বাইকে চেপে বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন বাবু মন্ডল। আরও ৭-৮ জন সঙ্গে ছিলেন। বাবু একটু এগিয়ে এলে গলির মুখে ওঁত পেতে দাঁড়িয়ে থাকা এক দুষ্কৃতী সেই সময় পায়ে হেঁটে এসে খুব কাছ থেকে বাবুকে লক্ষ্য করে গুলি চালায়। পাঁচ-ছয় রাউন্ড গুলি চলে তাঁর ওপর। বাবুর কোমর ও কাঁধে গুলি লাগে। অনুপম বাধা দিতে গেলে তাঁকেও গুলি করে পালিয়ে যায় অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় দু’জনেই রাস্তার ধারে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান হাওড়া জেলা (সদর) তৃণমূল সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরি, বিধায়ক কল্যাণ ঘোষ, ডোমজুড় যুব তৃণমূলের সভাপতি নূরাজ মোল্লা-সহ একাধিক নেতা-কর্মী।
কল্যাণ ঘোষ বলেন, “কেন এরকম ঘটনা ঘটল, বোঝা যাচ্ছে না। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।” পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এলাকাটি সিসিটিভি দিয়ে মোড়া। সেই ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্তের নাম বাসু, এলাকারই বাসিন্দা কোনও দলের সঙ্গে যুক্ত নয় বলেই খবর। ব্যক্তিগত শত্রুতা হতে পারে, অনুমান পুলিশের। অভিযুক্তকে দিয়ে কিছু করানো হয়েছে কিনা, বা অন্য কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা, তাও তদন্তের আওতায় রয়েছে।
২০১২ সালেও বাবু মণ্ডলের ওপর হামলা চালিয়েছিল বাসু। এত বছর বাদে আবারও কেন এই ঘটনা, বুঝতে পারছে না পরিবার।
এলাকায় মানবিক বলে পরিচিত ওই নেতার ওপর কেন হামলা হল, তা নিয়ে চিন্তায় স্থানীয়রা। তাঁর শারীরিক পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে পরিবার সূত্রে। তবে বিপদ এখনও কাটেনি।