
অভিভাবকদের জন্য ঘুঘনির ব্যবস্থা
শেষ আপডেট: 3 March 2025 11:38
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আনলিমিটেড চা জল তো রয়েইছে। এবার পরীক্ষার দিনগুলোতে চাউমিন বিরিয়ানিরও এলাহি আয়োজন। একেক দিন একেক রকম খাবার (Breakfast) খাবেন অভিভাবকরা (Higher Secondary Exam 2025)। ব্যবস্থাপনায় কোদালিয়া অঞ্চল তৃণমূল(TMC)।
সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। চুঁচুড়ার সুকান্তনগর অনুকুলচন্দ্র হাইস্কুলে পরীক্ষা কেন্দ্র হয়েছে। স্কুলের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জায়গা করেছে কোদালিয়া অঞ্চল তৃণমূল। মাধ্যমিকের মত উচ্চমাধ্যমিকেও অভিভাবকদের জন্য চা জলের ব্যবস্থাও করা হয়েছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পরীক্ষা কেন্দ্র ঘুরে ব্যবস্থাপনা দেখেন। দলের কর্মীদের নির্দেশ দেন অভিভাবকদের যাতে কোনও অসুবিধা না হয় সেটা দেখার।
আজ প্রথম দিন ঘুগনি খাওয়ানো হয় অভিভাবকদের। কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী বলেন, "যতক্ষণ পরীক্ষা চলবে অভিভাবকরা অপেক্ষা করবেন। তাদের জন্য বসার জায়গা যেমন করা হয়েছে। তেমনি একেক দিন একেক রকম খাবারও দেওয়া হবে। কোনওদিন ঘুগনি, কোনওদিন চাউমিন, কোনওদিন লুচি-তরকারি। শেষ দিন থাকবে চিকেন বিরিয়ানি।
প্রায় ১৮০ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সুকান্তনগর স্কুল থেকে। তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে আসা অভিভাবকদের জন্যই থাকছে এই এলাহি আয়োজন। দেড়শোজন মতো অভিভাবকের জন্য এই আয়োজন করা হচ্ছে। জানতে পেরে দারুণ খুশি অভিভাবকরা।