
সন্দীপ ঘোষ
শেষ আপডেট: 29 August 2024 13:55
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকাল হতেই ফের সিবিআই দফতরে পৌঁছে গেলেন সন্দীপ ঘোষ। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ার পর থেকেই লাগাতার জেরা করা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। গত ১৪ দিনে ১৩ বার তাঁকে তলব করা হয়েছে সিবিআই দফতরে। নথির খোঁজে তাঁর বেলেঘাটার বাড়িতেও হানা দেন গোয়েন্দারা। আজ বৃহস্পতিবারও ফের তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।
প্রাথমিকভাবে আরজি কর হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইকে। কিন্তু তদন্তে নেমে এই হাসপাতালে বড়সড় আর্থিক দুর্নীতিরও হদিশ পান গোয়েন্দারা। তাঁর একসময়ের সহকর্মী, আরজি করের প্রাক্তন ডেপুটি সুুপার আখতার আলি সন্দীপের বিরুদ্ধে চিকিৎসার জৈব বর্জ্য দুর্নীতি, সরকারি টাকা নয়ছয়, নির্মাণের জন্য আইন ভেঙে ঠিকাদার নিয়োগ-সহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ আনেন। আগেই টালা থানায় এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন। তাই সন্দীপের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।
এখন সিবিআইয়ের গোয়েন্দারা দু’টি মামলাতেই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে। ৯ অগস্ট হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ মিলতেই সন্দীপ ঘোষের পদত্য়াগের দাবিতে সরব হন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তারপরেই রাতারাতি সন্দীপকে সরিয়ে দেওয়া ন্যাশনাল মেডিক্যালে। কিন্তু সেখানেও প্রতিবাদের ঢেউ ওঠে। অবশেষে কলকাতা হাইকোর্ট সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায়। এখন প্রতিদিনই সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন সন্দীপ ঘোষ।