
কোন্নগরের সেই স্কুল
শেষ আপডেট: 9 August 2024 15:51
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্কুলে পরীক্ষা দিয়ে পাশের পুকুরে স্নান করতে গিয়েছিল ক্লাস সেভেনের কয়েকজন পড়ুয়া। এই সময়ে ঘটে গেল বিপদ। পুকুরের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই ছাত্রের। শুক্রবার এমনই ঘটনা ঘটে গেল কোন্নগরের একটি স্কুলে।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, মৃত দুই ছাত্রের নাম সায়ন নাথ ও উজান ঘোষ। দুজনেই কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের ক্লাস সেভেনের ছাত্র। এদিন তাদের ইতিহাস পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিয়ে দুপুরে স্কুলের কাছেই একটি পুকুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়েছিল। তখন এই ঘটনা ঘটে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকজন স্কুল পুড়ুয়া পুকুরের স্নান করতে নেমেছিল। তখনই দুই পড়ুয়া পুকুরে তলিয়ে যেতে থাকে। বাকিদের চিৎকার চেঁচামেচি শুরু স্থানীয়রা দুই পড়ুয়াকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন। দুজনকেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। অনেকেই জানিয়েছেন, কোমরে থার্মোকল বেঁধে পুকুরে স্নান করছিল ছাত্ররা। তাতেই এমন মর্মান্তিক পরিণতি ঘটেছে।
স্কুলের প্রধান শিক্ষিকা সোমা চৌধুরী বলেন, "এদিন পরীক্ষা শেষ হওয়ার পর ওরা পুকুরে স্নান করতে নেমে। পুকুরটা স্কুল থেকে কিছুটা দূরে। পৌনে একটা নাগাদ আমরা এবিষয়ে খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা দুই ছাত্রকে উদ্ধারের চেষ্টা করছেন। ঘটনার পাঁচ মিনিট পরে একজনকে উদ্ধার করা গেলে আরেকজনকে দেরিতে খুঁজে পাওয়া যায়।"
এক ছাত্রের মা সোনালী ঘোষ বলেন, "স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেনি ছেলে। ওর বাবা ফোন করে বলল হাসপাতালে আসতে। আমাকে দেখতে দেয়নি।"
মৃত দু'ছাত্রের এক সহপাঠী জানায়, " কোমরে থার্মোকল বেঁধে ওরা প্রায়ই ওই পুকুরে স্নান করত। সাঁতার জানত না।"