
শেষ আপডেট: 12 December 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নাম রাখা হল কিংবদন্তি ফুটবলার প্রয়াত শৈলেন মান্নার নামে। বৃহস্পতিবার শৈলেন মান্না সরণি নামে রাস্তার ধারে রাখা ফলকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার দিঘা যাওয়ার পথে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে এ বিষয়ে নির্দেশ দিয়ে যান। তারপর তড়িঘড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তার ধারে সৌন্দর্যায়ন এবং সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে স্টল সাজানোর ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর সফর সেরে আকাশপথে তিনি ফেরেন ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে। সেখান থেকে বেরিয়ে পেয়ে হেঁটে পৌঁছন ড্রেনেজ ক্যানেল রোডে। সেখানে এই কর্মসূচি পালন করেন তিনি। শৈলেন মান্না সরণি নামাঙ্কিত ফলকটির উদ্বোধন করেন। পাশাপাশি বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ যে স্টলগুলি দিয়েছে সেগুলি পরিদর্শন করেন।
মঙ্গলবার দিঘা রওনার আগে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে দাঁড়িয়ে ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন করে প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার জেলাশাসক দীপাপ প্রিয়াকে এই নির্দেশ দিয়েছিলেন তিনি। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, "হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন করে প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে করতে বলেছি। কারণ হাওড়ায় শৈলেন মান্নার নামে কোনও রাস্তা নেই। নাম পরিবর্তনের সঙ্গে জায়গাটার সৌন্দর্যায়ণ করতে বলেছি। সেল্ফহেল্ফ গ্রুপের মহিলাদের কিছু দোকান দিয়েও সাজানো যেতে পারে।"
দু'দিনের সফর শেষ করে ফেরার সময়েই শৈলেন মান্নার নামে রাস্তাটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। খুবই অল্প সময়ে তাঁর ইচ্ছে বাস্তবায়িত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।