
ঘটনার তদন্তে পুলিশ কর্তারা
শেষ আপডেট: 5 December 2024 11:20
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চন্দননগরে শিশু মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। পরিবারের দাবি ডাকাত পড়েছিল বাড়িতে। আলমারি খুলে নগদ টাকা গহনা নিয়ে গেছে। সম্ভবত শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়!
মৃত শিশুর বাবা নবকুমার বিশ্বাস বলেন, "আজ সকালে দেখি আলমারিতে চাবি ঝুলছে। আলমারি খুলেছিল কিনা স্ত্রীকে জিজ্ঞেস করায় সে জানায় আলমারি খোলেনি। লকারে চল্লিশ হাজার টাকা ও কিছু গয়না ছিল। ছেলে বাড়িতে টিভি দেখছিল। ওর মা দিদি বাড়িতে ছিল না। সেই সময় কেউ বাড়িতে ঢুকেছিল বলেই এখন মনে হচ্ছে।"
চন্দননগর কুন্ডু ঘাট এলাকায় বুধবার এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের নাম নিখিল বিশ্বাস (৬)। তার বাবা নবকুমার বিশ্বাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর। তিনি সকালে কাজে বেরিয়ে যান। দুপুরে শিশুটিকে বাড়িতে একা রেখে তার মা বাইরে গিয়েছিলেন বলে দাবি। মা বাড়ি ফিরে দেখেন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে ছেলে। ছেলেকে ঘুমোতে দেখে আর ডাকেননি মা। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিদি বাড়ি ফিরে ডাকতে গিয়ে দেখে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে নিখিল। এরপর নবকুমারকে খবর দেওয়া হয়। বাড়ি ফিরে রাত আটটা নাগাদ ছেলেকে চন্দননগর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে শিশুটির।
পুলিশ জানিয়েছে, মৃত শিশুর শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। কীভাবে মৃত্যু জানতে বুধবার ময়নাতদন্ত হবে। শিশুর বাবা অভিযোগ দায়েরের পরেই ঘটনার তদন্তে ডিসিপি চন্দননগর অলকানন্দা ভাওয়াল ও আইসি চন্দননগর শুভেন্দু বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যান। চন্দননগর পুলিশের এসিপি ডিডি সুমন চট্টোপাধ্যায়ও ঘটনাস্থলে আসেন।