
শেষ আপডেট: 8 April 2024 20:10
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চুঁচুড়ার কনকশালী নন্দীপাড়ার শীতলা পুজো প্রায় শতাব্দীপ্রাচীন। গত ৯২ বছর ধরে ধুমধাম করে পুজো হয় কনকশালীতে। এবারও হয়েছে। রবিবারই ভোগ খাওয়ানো হয় এলাকার মানুষকে। পুজো কমিটির নামে একটি ফেসবুক পেজও চলে। যেটির অ্যাডমিন পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা সুমন মালিক।
শীতলা পুজোকে ঘিরে উৎসব চলাকালীন গত পাঁচ তারিখ তাঁরা দেখেন পুজো কমিটির ফেসবুক হ্যাক হয়েছে। আপত্তিকর ছবি দেওয়া হয়েছে পেজে। সুমনবাবু বলেন, "আমাদের পেজে নানা আপত্তিকর ছবি ও লেখা দেখেই বুঝতে পারি পেজ হ্যাক হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা মেটায় মেল করি। তারপরেই জানতে পারি, হ্যাকারদের আইপি অ্যাড্রেস পাকিস্তানের করাচি। বাংলাদেশ থেকেও সক্রিয় হ্যাকাররা। হ্যাকাররা পেজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আপত্তিকর ছবি ও সাম্প্রদায়িক উষ্কানিমূলক বক্তব্য ছড়াতে থাকে।"
পুজো কমিটির আরেক সদস্য চরণ চক্রবর্তী বলেন, "পুজো কমিটির অফিসিয়াল পেজে ঠাকুরের পুজোর অনেক ছবি ভিডিও ছিল, সেগুলো উদ্ধার করা যাবে কিনা জানি না। আমরা চাই পুজো কমিটির ফেসবুক যেন আগের অবস্থায় ফিরে পাই। কারণ বহু ফলোয়ার রয়েছে আমাদের। তাদের কাছে আপত্তিকর ছবি ভিডিও পাঠানো হচ্ছে। অনেককে ব্লক করা হয়েছে ইতিমধ্যেই।"
চুঁচুড়া থানা ও চন্দননগর পুলিশের সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জানানো হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ফেসবুক পেজটি আবার আগের অবস্থায় ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন কনকশালী নন্দীপাড়ার শীতলা পুজো কমিটি।