দ্য ওয়াল ব্যুরো : ঘন ধোঁয়াশা আর ধুলোয় ঢেকে গিয়েছে রাজধানী দিল্লি সহ আশপাশের বিস্তীর্ণ অংশ। বায়ুর মান নেমে গিয়েছে খুব নীচে। এই আবহাওয়ায় মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ জ্বলছে ও গলায় অস্বস্তি হচ্ছে। অনেকে পলিউশন মাস্ক মুখে দিয়ে চলাফেরা করছেন। শহরবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে, জরুরি দরকার ছাড়া বাড়ির বাইরে বেরবেন না।
আগামী কয়েকদিন এই ধোঁয়াশা ও ধুলো থাকবে বলে আবহবিদদের ধারণা। এমনিতে এখন দিল্লিতে প্রচণ্ড গরম। তার ওপরে চারপাশে ধুলোর আস্তরণ তাপ ধরে রাখছে। পরিবেশ ঠান্ডা হতে পারছে না।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আরও কয়েকজন মন্ত্রী আজও লেফটেন্যান্ট জেনারেল অনিল বাইজালের বাড়িতে ধরনা দিচ্ছেন। তাঁদের ব্যঙ্গ করে একজন টুইটারে লিখেছেন, দিল্লি যখন ভয়াবহ দূষণের কবলে তখন মুখ্যমন্ত্রী এসি ঘরে বসে ধরনা দিচ্ছেন। সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে?