দ্য ওয়াল ব্যুরো: দেশের ভিতর থেকে দেখলে কোনও সমস্যা নেই। কিন্তু গোল বাঁধছে বাইরে থেকে দেখলেই। ভারতের ম্যাপের মাথাটাই জম্মু-কাশ্মীর এলাকা হিসেবে চিহ্নিত। গুগল ম্যাপে এই গোটা এলাকাকেই দেখানো হচ্ছে বিতর্কিত এলাকা হিসেবে। তার জন্য জম্মু-কাশ্মীর সীমান্ত এলাকাকে ডটেড লাইন বা বিন্দু দিয়ে চিহ্নিত করেছে গুগল ম্যাপ। আর গুগল ম্যাপে এই পরিবর্তনটা দেখা যাচ্ছে দেশের বাইরের যে কোনও এলাকায় থেকে।
গুগলে ভারতের যে ম্যাপ দেখানো হয়, তাতে ভারতের সব দিকেই আন্তর্জাতিক সীমান্ত সুস্পষ্ট ভাবে চিহ্নিত থাকলেও শুধুমাত্র জম্মু-কাশ্মীরকে ঘিরে ফেলা হয়েছে ধূসর রঙের ডটেন লাইন দিয়ে। ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট বলছে, দেশের ভিতর থেকে গুগল অনলাইন ম্যাপে জম্মু-কাশ্মীরকে দেখলে অবিচ্ছেদ্য অংশ বলেই মনে হবে। কিন্তু বিশ্বের যে কোনও জায়গা থেকে গুগল ম্যাপে ভারতের মানচিত্র দেখলে, ধারণা হবে ওই ডটেড লাইন দিয়ে ঘেরা এলাকা দেশের অবিচ্ছেদ্য অংশ নয়।
জম্মু-কাশ্মীরের বেশ খানিকটা অংশ ভারতের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। পাক অধিকৃত কাশ্মীর বলে যে অঞ্চল পরিচিত, তা পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। জম্মু-কাশ্মীরের ভারতের নিয়ন্ত্রণরেখার ভিতরের অংশকেও নিজেদের এলাকা বলেই দাবি করে পাকিস্তান। ৩৭০ ধারা রদের পরে জম্মু-কাশ্মীর ও লাদাখকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পরেও সমস্যা মেটেনি। বরং সীমান্ত সমস্যা দিন দিন বাড়ছে। জঙ্গি নাশকতায় ফি দিন রক্ত ঝরছে নিয়ন্ত্রণরেখায়। এমন পরিস্থিতিতে ডটেড লাইন দিয়ে জম্মু-কাশ্মীরকে চিহ্নিত করার অর্থ হল এটা বোঝানোর চেষ্টা যে ওই অঞ্চল আসলে কোন দেশের, তা নিয়ে বিতর্ক রয়েছে।
গুগল ম্যাপের তরফে জানানো হয়েছে, বিতর্কিত সীমান্ত এলাকাই ডটেড লাইন দিয়ে বোঝানো হয়েছে। বিশ্বের যে কোনও বিতর্কিত এলাকাকেই এভাবে দেখায় গুগল।
বিশ্বের জনপ্রিয়তম সার্চ ইঞ্জিন গুগলে জম্মু-কাশ্মীর এলাকাকে বিকৃত করে দেখানোয় বিতর্ক শুরু হয়েছে নানা মহলে। এর আগেও অরুণাচল প্রদেশকে বিতর্কিত এলাকা হিসেবে দেখানো শুরু করেছিল গুগল। ভারত সরকারের কড়া নির্দেশিকার পরে অরুণাচলকে এখন দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই দেখানো হয় অনলাইন গুগল ম্যাপে।