
শেষ আপডেট: 19 March 2023 07:07
দ্য ওয়াল ব্যুরো: বিশেষ দিন উদযাপনে গুগল ডুডলের (Google Doodle) জুড়ি মেলা ভার। কোনও উৎসব হোক, কিংবা কোনও বিখ্যাত মানুষের জন্মদিন, গুগল ডুডল বরাবরই সেই থিমে সেজে ওঠে। রবিবার গুগলের ডুডলে উদযাপন করা হচ্ছে বিশ্ববিখ্যাত নোবেলজয়ী ডাঃ মারিও মোলিনার (Dr. Mario Molina) জন্মদিন। তাঁর ৮০তম জন্মবার্ষিকীতে (80 Birth day) সুন্দরভাবে সেজে উঠেছে ডুডল।
ডাঃ মারিও মোলিনা ১৯৯৫ সালে ওজোন স্তরে একটি গর্ত আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ শনাক্তকরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। পৃথিবীতে ক্লোরোফ্লুরোকার্বন (সিএফসি)-এর প্রভাবও আবিস্কার করেছিলেন তিনিই।
গুগল রবিবার এই বিশ্ববিখ্যাত নোবেলজয়ী বিজ্ঞানীর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে এই ডুডল বানিয়েছে। যেখানে দেখা যাচ্ছে ওজোন স্তর কীভাবে পাতলা হয়ে যাচ্ছে। ক্লোরোফ্লুরোকার্বনের জন্য কীভাবে পৃথিবী দূষিত হচ্ছে।
ডাঃ মোলিনা ১৯৪৩ সালে মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেছিলেন। বিজ্ঞানের প্রতি অমোঘ টান ছিল তাঁর। পৃথিবীতে বিজ্ঞানই সত্য, এমনটাই মানতেন তিনি। নিজের বাথরুমকেই একটা ল্যাবরেটরিতে পরিণত করেছিলেন তিনি।
তিনি মেক্সিকো ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জার্মানির ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয় থেকে আরও একাধিক ডিগ্রি অর্জন করেন।
এরপরই তিনি চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রথমে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এবং পরে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে গবেষণা করেন। ১৯৭০-এর দশকের প্রথম দিকে তাঁর গবেষণার বিষয় ছিল পৃথিবীর বায়ুমণ্ডলে রাসায়নিকের প্রভাব। বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হওয়ার পিছনে যে ক্লোরোফ্লুরোকার্বনের প্রভাব আছে, তা আবিষ্কার করেছিলেন তিনিই। কী কারণে অতিবেগুনী রশ্মি পৃথিবীতে প্রবেশ করতে পেরেছে তা নিয়ে মোলিনার একটি গবেষণা পত্রও আছে।
শান্তনু 'ঘনিষ্ঠ' অয়নের বাড়িতে রাতভর ইডির তল্লাশি! এখান থেকেই কি টালিগঞ্জ যোগ