
শেষ আপডেট: 6 April 2023 10:56
দ্য ওয়াল ব্যুরো: হৃদরোগ (Heart Failure), ডায়াবেটিস, হাইপারটেনশন নিয়ে এখনকার দিনে বেশি মাথা ঘামান মানুষজন। সেই সঙ্গে রয়েছে স্থূলত্বের সমস্যা। বড় বড় রোগগুলোকে নিয়ে চর্চা করতে গিয়ে স্লিপ অ্যাপনিয়ার (sleep apnea) সমস্যা অনেক পেছনে চলে যায়। অথচ ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের অন্যতম কারণই হল এই স্লিপ অ্যাপনিয়া। ঘুমের মধ্যে ঘন ঘন দমবন্ধ, বুকে চাপ, তারপর একদিন আচমকা হৃদপিণ্ডের গতি বেড়ে গিয়ে বিপদ ঘনাতে পারে। এতদিন স্লিপ অ্যাপনিয়া ও তার সঙ্গে সম্পর্কিত হার্টের রোগের ওষুধ ছিল না। প্রথমবার স্লিপ অ্যাপনিয়ার কষ্ট কমানোর ওষুধ তৈরি করলেন বিজ্ঞানীরা।
অকল্যান্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা স্লিপ অ্যাপনিয়ার ওষুধ তৈরি করেছেন যার নাম এএফ-১৩০ (AF-130)। বিজ্ঞানীরা বলছেন, ঘুমের মধ্যে দম আটকে আসা, শ্বাসকষ্ট, বুকে চাপ পড়ার মতো সমস্যা কমাবে এই ওষুধ। হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমাবে।
তিন বছরের পরেও কথা শিখছে না বাচ্চা, বলতে গেলে জড়িয়ে যাচ্ছে? কী করা উচিত
গবেষকরা বলছেন, স্লিপ অ্যাপনিয়া হল শ্বাস-প্রশ্বাসের একরকম ব্য়ধি। ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে আসে। শ্বাসের গতি অনিয়মিত হয়ে যায়। কখনও আচমকা দমবন্ধ হয়ে মৃত্যু হতে পারে রোগীর। স্লিপিং ডিজঅর্ডার থাকলে শ্বাসপ্রক্রিয়া বাধা পায়। শ্বাস নিতে ও ছাড়তে সমস্যা হয়। আর ঘুমিয়ে পড়ার পর এমনিতেই ঘাড় ও গলার পেশি শিথিল থাকে, সুতরাং হঠাৎ করে যদি শ্বাস প্রক্রিয়া বাধা পেয়ে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায় তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। অথবা দমবন্ধ হয়ে মৃত্যু ঘটা কিছুমাত্র আশ্চর্যের নয়। স্লিপ অ্যাপনিয়ার উৎস এবং তার প্রতিকারের নানা বিষয় নিয়ে ভাবনাচিন্তা করছেন বিজ্ঞানীরা। বলা যায়, হৃদরোগের সঙ্গে স্লিপ অ্যাপনিয়ার একটা যোগসূত্র আছে।
এতদিন স্লিপ অ্যাপনিয়ার কষ্ট কমাতে সিপ্যাপ (CPAP) ব্যবহার করা হত। তেমন কোনও ওষুধ ছিল না। প্রথমবার ওষুধ তৈরি করে তার ট্রায়াল করছেন বিজ্ঞানীরা। পশুদের শরীরে এই ওষুধের ট্রায়াল সফল হয়েছে বলে দাবি। এবার মানুষের উপর পরীক্ষা শুরু হবে।