
শেষ আপডেট: 25 January 2024 16:11
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল নেত্রী একলা চলো নীতি ঘোষণার পরই বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে নতুন করে তৎপরতা শুরু করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। যদিও তৃণমূল যে বাংলায় কংগ্রেসকে ছাড়া একাই লড়বে, শুক্রবার ফের সেকথা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভায় সংসদ তথা সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন।
বাংলায় কংগ্রেস-তৃণমূলের জোট না হওয়ার জন্য সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে দায়ী করে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে জোট না হওয়ার কারণ অধীর চৌধুরী। তিনিই বাংলায় জোটের কবর খুঁড়েছেন।"
সম্প্রতি মুর্শিদাবাদে সাংবাদিক বৈঠক থেকে নাম না করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চ্যালেঞ্চ ছুড়ে দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছিলেন,“ক্ষমতা থাকলে বহরমপুরে এসে দাঁড়ান। হারিয়ে কলকাতায় পাঠিয়ে দেব।” অধীরের এই ধরনের একাধিক মন্তব্যই বাংলায় জোটের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াল বলে মনে করছে তৃণমূল শিবির।
প্রসঙ্গত, বুধবার সকালেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যে তিনি একলা চলো নীতি নিচ্ছেন। কংগ্রেসের সঙ্গে কোনওরকম জোট হচ্ছে না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ঘোষণার পরই আসরে নামেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ। তিনি জানান, "মমতাজিকে ছাড়া জোটের কথা আমরা ভাবছি না। সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।"
সূত্রের খবর, এরপরই বাংলার বিষয়ে তৎপর হন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। জয়রাম রমেশ জানান, পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত সমস্যার সমাধান করা হবে। তবে ডেরেক এদিন সংবাদমাধ্যমের কাছে বলেন, "এখন অনেক দেরি হয়ে গেছে।"
একই সঙ্গে ডেরেক আরও জানান, "যদি কংগ্রেস যথেষ্ট সংখ্যক আসনে বিজেপিকে পরাজিত করে, তাহলে তৃণমূল কংগ্রেস সেই জোটের একটি অংশ হবে যারা সংবিধানে বিশ্বাস করে এবং লড়াই করে।"
তৃণমূল সূত্রের দাবি, আসন ভাগাভাগির আলোচনার সময় তৃণমূল খুব ধৈর্যশীল ছিল। কিন্তু বিনিময়ে শুধুই অপেক্ষা করতে হয়েছে। এবং এই মুহূর্তে তা অবেকখানি দেরি হয়ে গিয়েছে।
বস্তুত, বাংলায় তৃণমূল নেত্রীর একলা চলো ঘোষণার পরই আসন্ন লোকসভা নির্বাচনে পঞ্জাবে একা লড়ার কথা জানিয়েছে আপও। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়ে দিয়েছেন, সেরাজ্যে একাই লড়বে অরবিন্দ কেজরিওয়ালের দল। কংগ্রেসের সঙ্গে কোনওরকম কোনও জোটের প্রশ্ন নেই। ফলে একাধিক রাজ্যে জোটের সম্ভাবনা বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে।