
শেষ আপডেট: 18 February 2023 10:18
দ্য ওয়াল ব্যুরো: আগেই মেয়েদের পড়াশোনার উপর ফতোয়া জারি হয়েছিল। এবার মহিলাদের গর্ভনিরোধক ওষুধের (contraceptives) বিক্রি এবং কেনার উপর নিষেধাজ্ঞা জারি করল আফগানিস্তানের তালিবান (Taliban) সরকার। তাদের দাবি, এই ওষুধগুলি আসলে বিশ্বে মুসলমানদের জনসংখ্যা কমানোর জন্য পশ্চিমী দুনিয়ার ষড়যন্ত্র।
সূত্রের খবর, রাজধানী কাবুল এবং মাজার-ই-শরীফের মতো একাধিক শহরে ইতিমধ্যেই ওষুধের দোকানগুলিতে গর্ভনিরোধক বড়ি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান। শুধু ওষুধের দোকানই নয়, বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে বন্দুক দেখিয়ে হুমকি দিয়ে আসছে তারা, এমনটাই দাবি সংবাদমাধ্যমগুলির। স্থানীয় একটি ওষুধের দোকানের মালিক জানিয়েছেন, 'ওরা দুবার বন্দুক নিয়ে আমার দোকানে এসেছিল। শাসিয়ে গেছে, যেন গর্ভনিরোধক বড়ি বিক্রি না করি।ওরা কাবুলের প্রতিটি ওষুধের দোকানে নিয়মিত তল্লাশি চালাচ্ছে, তাই আমরা ভয়ে এগুলির বিক্রি বন্ধ করে দিয়েছি।'
নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানিয়েছেন, তাঁকেও একাধিকবার এই নিয়ে হুমকি দিয়ে গেছে তালিবানরা। 'আপনার বাইরে বেরিয়ে গর্ভনিরোধক বড়ির মতো পশ্চিমী ষড়যন্ত্রের হয়ে প্রচার করার অনুমতি নেই। এটা অপ্রয়োজনীয়,' মহিলাকে জানিয়েছে তালিবানরা।
কাবুলের আরও একটি ওষুধের দোকানের মালিক জানিযেছেন, এই মাসের শুরু থেকেই দোকানে গর্ভনিরোধক বড়ি এবং ইনজেকশন রাখা বন্ধ করে দেওয়া হয়েছে। 'আমরা তো আগে থেকে মজুত জিনিস বিক্রি করতেও ভয় পাচ্ছি,' জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, কোথাও যাতে কোনও রকম গর্ভনিরোধক বড়ি বিক্রি না করা হয় তা নিশ্চিত করতে দিনভর রাস্তায় টহল দিচ্ছে তালিবানরা। তাদের দাবি, এসব আসলে পৃথিবীতে মুসলিমদের জনসংখ্যা কমিয়ে দেওয়ার পশ্চিমী চক্রান্ত।
নওসাদের ফের জেল হেফাজত, ভাঙরের বিধায়ক বললেন, 'এভাবে কণ্ঠরোধ করা যাবে না'