দ্য ওয়াল ব্যুরো: কথা কাটাকাটি চলতে চলতে একজন মেজাজ হারিয়ে অন্যজনের গায়ে সটান জল ছুড়ে দিল। দৃশ্যটা কোনও স্কুলের নিচু ক্লাসের পরিচিত দৃশ্য নয়। টিভিতে চলা রীতিমত 'রাজনৈতিক' বিতর্কের দৃশ্য। যিনি জল ছুড়লেন তিনি কংগ্রেসের মুখপাত্র অলোক শর্মা এবং যাঁর দিকে সেই জল ধেয়ে গেল তিনি বিজেপি'র মুখপাত্র কে কে শর্মা। প্রায় সঙ্গে সঙ্গেই এমন 'জল দাগার' ভিডিওটি ভাইরাল হয়ে গেল নেট দুনিয়ায়।
সেনাবাহিনীর দুই প্রাক্তন কর্মীর উপস্থিতিতে বিতর্কটি হচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর রাজনীতিকরণ নিয়ে। ভারতীয় সেনা বাহিনীকে 'মোদীর সেনা' বলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে চলা সেই বিতর্কে বিজেপি'র মুখপাত্র কে কে শর্মা পাঁচবার অলোক শর্মাকে 'গদ্দার' বলেন বলে অভিযোগ করেন কংগ্রেসের মুখপাত্র। পঞ্চমবারের পর কংগ্রেসের মুখপাত্র ধৈর্য হারিয়ে ফেলেন। সকলকে হতচকিত করে সামনে রাখা গ্লাসের জল সরাসরি ছুড়ে দেন বিজেপি'র মুখপাত্রের দিকে।
https://youtu.be/O9I72Ntv6nU
সেই জলের 'আঘাতে' অবশ্য কেউ আহত হননি। এমনকি 'জলীয়' আক্রমণ দিগভ্রান্ত হওয়ায় রক্ষা পান কে কে শর্মা। যদিও জলের ঝাপটায় সবথেকে বেশি 'ক্ষতিগ্রস্ত' হয়েছেন বিতর্ক সভার সঞ্চালক সন্দীপ চৌধুরী। তাঁর মাথা, চশমা, জ্যাকেট সব ভিজে একশা হয়ে যায়। অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার জন্য তাঁকে পোশাক বদলেও আসতে হয়। গ্লাসটি যদিও রক্ষা পায়নি এমন চরম উত্তেজনাপূর্ণ রাজনৈতিক বিতর্কে। সেটি ভেঙেচুরে স্টুডিওর মেঝেতে ছড়িয়ে পড়ে। বিজেপি'র মুখপাত্র এরপর কংগ্রেসের অলোক শর্মাকে তাঁর আচরণের জন্য ক্ষমা চাইতে বলেন। অলোক শর্মাও পাল্টা বিজেপি'র কে কে শর্মার কাছে ক্ষমা প্রার্থনা দাবি করেন অলোককে দেশদ্রোহী বলার জন্য। বিতর্কটি থেকে অবশেষে দুজনকেই বিদেয় করেন সঞ্চালক সন্দীপ শর্মা।