
শেষ আপডেট: 9 November 2022 05:17
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাম্প্রদায়িক (Communal Controversy) প্রশ্ন (Question Paper) করা হয়েছে বলে অভিযোগ উঠল। ঢাকা শিক্ষা বোর্ডের প্রশ্ন নিয়ে ছড়িয়েছে তুমুল বিতর্ক।
বোর্ডের তরফে জানানো হয়েছে, ওই নির্দিষ্ট প্রশ্নটি কার করা, চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বোর্ডের চেয়ারম্যান প্রোফেসর তপনকান্তি সরকার বলেন, কীভাবে এমন সাম্প্রদায়িক বিষয় প্রশ্নপত্রে রাখা হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মণি জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যাঁরা এই কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কী প্রশ্ন করা হয়েছে?
উচ্চমাধ্যমিকের একটি প্রশ্নে গল্পের ছলে লেখা হয়েছে, 'নেপাল আর গোপাল দুই ভাই। জমি নিয়ে দু’জনের ঝামেলা গড়ায় আদালতে। গোপালকে শিক্ষা দেওয়ার জন্য আবদুলের কাছে জমি বিক্রি করে দেয় নেপাল। ইদের সময় নেপালের জমিতে গরু জবাই করে আবদুল। তা দেখে কাউকে কিছু না জানিয়ে দেশ ছেড়ে ভারতে সপরিবারে চলে যায় ব্যথিত নেপাল।’ এই অংশটি উল্লেখ করেই বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছে পরীক্ষায়।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে এমনিতেই সতর্ক থাকে বোর্ড। সাম্প্রদায়িক ও বিদ্বেষপূর্ণ কোনও বক্তব্য যেন প্রশ্নপত্রে না থাকে, সে বিষয়ে লিখিত নির্দেশও দেওয়া হয়েছে আগেই। তবে প্রশ্নপত্র তৈরির পরে তা দেখার সুযোগ থাকে না, তাই পরীক্ষা শুরুর পরেই বিষয়টি বোঝা গিয়েছে।