
শেষ আপডেট: 24 March 2022 11:11
দ্য ওয়াল ব্যুরো : বুধবার পাকিস্তানে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের বৈঠকে কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন চিনের (China) বিদেশমন্ত্রী ওয়াং ই। ভারত থেকে তার তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছিল। এরপরে জানা যায়, বৃহস্পতিবারই ভারতে আসছেন ওয়াং ই (China)। শুক্রবার তিনি বিদেশমন্ত্রী এস জয়শংকর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা বলবেন। গত দু’বছরের মধ্যে এই প্রথম কোনও শীর্ষস্থানীয় চিনা (China) নেতা ভারতে আসছেন।
পাকিস্তানে গিয়ে চিনের (China) বিদেশমন্ত্রী বলেন, “আজ কয়েকটি ইসলামি দেশের প্রতিনিধি ফের কাশ্মীর প্রসঙ্গ তুলেছেন। চিনও কাশ্মীর নিয়ে তাঁদের মতো আশাবাদী।” এরপরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে যাই ঘটুক, তা ভারতের অভ্যন্তরীণ বিষয়। চিন বা অপর কোনও দেশের সে বিষয়ে কথা বলার অধিকার নেই।”
বৃহস্পতিবার সকালে আফগানিস্তানে গিয়েছেন চিনের বিদেশমন্ত্রী। সেখানে তিনি তালিবান প্রশাসনের এক শীর্ষ কর্তার সঙ্গে কথা বলেন।
২০২০ সালে চিনের লালফৌজের সৈনিকরা লাদাখের গালওয়ান উপত্যকায় ঢুকে পড়ে। ভারতীয় সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তখন থেকে ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কে শীতলতা দেখা গিয়েছে। ভারত জানিয়ে দিয়েছে, সীমান্ত বিতর্কের মীমাংসা না হলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়।