West Bengal Elections 2026: ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

রায়গঞ্জে উত্তেজনা
শেষ আপডেট: 13 April 2026 15:11
দ্য ওয়াল ব্যুরো: রায়গঞ্জে বয়স্ক ভোট গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা। ভোট প্রক্রিয়া শুরুর আগেই মৃত্যু হল এক বৃদ্ধের।
সোমবার সকালে নির্বাচন কমিশনের (Election Commission) নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রায়গঞ্জ বিধানসভার মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের ভিটি বুথ এলাকায় বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ শুরু করেন কর্মীরা। কেন্দ্রীয় বাহিনী সঙ্গেই ছিল। স্থানীয় দৃষ্টিহীন বাসিন্দা কালু শেখের বাড়িতে ভোট নিতে যান তাঁরা।
পরিবারের অভিযোগ, কালু শেখের বিশেষভাবে সক্ষম মেয়ে ভোটদানের সময় উপস্থিত থাকতে চাইলে ভোটকর্মীরা তা নাকচ করে দেন। তাঁদের দাবি, পরিবারের কাউকে উপস্থিত থাকতে দেওয়া হবে না, প্রিসাইডিং অফিসারই ভোট গ্রহণ করবেন—এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় বচসা।
ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় উপস্থিত হন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃত্ব। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, ভোটকর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয়।
এই উত্তেজনার মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন কালু শেখের স্ত্রী তফিজান বিবি। মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের অনুমান, স্ট্রোকের কারণেই মৃত্যু হয়েছে।
মৃতার বিশেষভাবে সক্ষম মেয়ে জাহিদা খাতুন এবং আত্মীয়া দুলালী খাতুন অভিযোগ করেন, ভোট গ্রহণকে কেন্দ্র করে জোরজবরদস্তি ও আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল। জোর করে ভোট নেওয়া হয়েছে, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে সেটা সহ্য করতে পারেননি তফিজান বিবি।
অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতা আলতাফ হোসেন অভিযোগ করেন, “নির্বাচন কমিশনের এই প্রক্রিয়াতেই আতঙ্ক তৈরি হচ্ছে। কোনও স্পষ্ট ঘোষণা ছাড়াই ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা ভোটকর্মীদের আটকে রেখেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে জবাব দিলে তবেই তাঁদের ছাড়া হবে।”
ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ভোটের আগেই এমন মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে ভোট গ্রহণের পদ্ধতি ও প্রস্তুতি নিয়ে। অনেকেই এই ঘটনাকে ইতিমধ্যেই ‘ভোটের বলি’ বলেই আখ্যা দিচ্ছেন।