
শেষ আপডেট: 1 February 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: সিঁড়িতে, লোহার গেটের ভিতরে-বাইরে ওদের অবাধ বিচরণ। গুটিসুটি মেরে আনাচ কানাচে ঘাপটি মেরে থাকে তারা। কখনও রোগীদের জন্য বাড়া ভাতের থালায় মুখ, আবার কখনও শৌচালয়ে উঁকিঝুঁকি। রোগীদের খাটের নীচেও তাদের লুকোচুরি। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ভাবেই দিব্যি জাঁকিয়ে বসেছে বেড়াল ও তাদের ছানারা। সেই বেড়ালের কামড়েই এ বার গুরুতর জখম হলেন হাসপাতালে ডায়ালিসিস করাতে আসা এক রোগী।
ইছাপুরের বাসিন্দা স্বপন চন্দ। বয়স সত্তরের আশপাশে। কিডনির সমস্যায় ভুগছেন বেশ কয়েক মাস ধরেই। বর্তমানে দু’টো কিডনিই নষ্ট হয়ে গেছে স্বপনবাবুর। পুরুষদের মেডিসিন বিভাগের ৩১ নম্বর শয্যা আপাতত তাঁর জন্য বরাদ্দ। হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জানুয়ারি।
বর্তমানে ডায়ালিসিস চলছে স্বপনবাবুর। বেড়ালের কামড়ে তাঁর আঙুল ক্ষতবিক্ষত। যন্ত্রণায় মাঝে মাঝেই চিৎকার করে উঠছেন। ঘটনার কথা ‘দ্য ওয়াল’কে জানিয়েছেন স্বপনবাবুর ভাগ্নী শ্রেয়া বসু। তাঁর অভিযোগ, ওয়ার্ডের যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে বেড়াল। রোগীদের খাটের নীচেও লুকিয়ে থাকে তারা। খাটের উপরে উঠে আসে মাঝেমধ্যেই। শুক্রবার রাতেও স্বপনবাবুর বিছানার নীচে হুটোপাটি করছিল কয়েকটা বেড়াল। বিছানার চাদর ঝুলে গেলে সেটা হাত দিয়ে ঠিক করতে যান স্বপনবাবু। তখনই তাঁর আঙুলে কামড়ে দিয়ে পালায় তাদের মধ্যে একটি। যন্ত্রণায় কঁকিয়ে ওঠেন তিনি। চিৎকার শুনে ছুটে আসেন নার্সরা। বেড়াল ততক্ষণে চম্পট দিয়েছে।
শ্রেয়ার কথায়, ‘‘বেড়ালের উপদ্রবের কথা আগেও জানিয়েছিলাম হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু কোনও লাভ হয়নি। মামার আঙুলে খুব বাজে ভাবে কামড়ে দিয়েছে বেড়াল।’’
আর জি করে এমন ঘটনা ব্যতিক্রম নয়। হাসপাতালের ওয়ার্ডে প্রায়ই ঘুরে বেড়াতে দেখা যায় বেড়ালদের। রোগীদের পরিজনদের অনেকেরই অভিযোগ, ওয়ার্ডে বেড়াল-কুকুর ঘুরে বেড়ালেও তাদের তাড়ানোর কোনও চেষ্টা হয় না। রোগী শৌচালয়ে গেলেই তারা ফাঁকা বিছানা দখল করে নেয় বেড়ালরা। এমনকী, ভাতের থালাতেও মুখ দেওয়ার চেষ্টা করে। সব সময়েই আতঙ্কে থাকতে হয় রোগীদের।
https://www.youtube.com/watch?v=93oBakweHeE&feature=youtu.beস্বপনবাবুর কথায়, ‘‘আগেও দু’একবার বেড়াল উঠে এসেছিল খাটে। নার্সদের সে কথা জানিয়েছি। একেই মৃত্যুর সঙ্গে লড়াই করছি, তার উপর এই অসহ্য যন্ত্রণা।’’ একজন মৃত্যুপথযাত্রী রোগীর উপর এমন ঘটনায় ক্ষুব্ধ হাসপাতালের নার্স, চিকিৎসকরাও। অভিযোগ বেড়াল তাড়াতে হাসপাতালের কোনও তৎপরতাই নজরে পড়ে না। ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কিছু জানা যায়নি।
গত মাসেই নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি পাঁচ বছরের শিশুকে কামড়ে দেয় কুকুর। মেয়েটির কোমরের উপরের অংশে মাংস খুবলে তুলে নেয় কুকুরটি। এ বার আর জি কর হাসপাতালে এক মুমূর্ষু রোগীকে কামড়ে ক্ষতবিক্ষত করল বেড়াল। ঘটনাগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সরকারি হাসপাতালের দুরাবস্থা। আরও পড়ুন: