
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 23 April 2025 16:38
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষাঙ্গনেও জাতপাতের অভিযোগ উঠল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর বিরুদ্ধে (Burdwan University)।
সূত্রের খবর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি কোর্সে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিক মেধাতালিকাও প্রকাশ করা হয়েছে। সেখানে হবু গবেষকদের নামের পাশে ধর্মেরও উল্লেখ করা হয়েছে। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, শিক্ষাঙ্গনে যোগ্যতা যাচাইয়ের সঙ্গে ধর্মের কি সম্পর্ক?
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ বলেন, "বিশ্ববিদ্যালয়ের তরফে এরকম কোনও নির্দেশ দেওয়া হয়নি। কারণ, গবেষকদের মেধা বা যোগ্যতা যাচাইয়ের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।"
উপাচার্যর ব্যাখ্যা, "কম্পিউটারের সফট্অয়্যার মাধ্যমে তালিকা তৈরি করা হয়েছে, সম্ভবত সেখানে ‘ধর্ম’ নামক কলামটি ছিল। বিষয়টি নিয়ে সংশোধন করা হবে।"
উপাচার্য বোঝাতে চেয়েছেন, বিষয়টি অনিচ্ছাকৃতভাবে হয়ে গিয়েছে। চূড়ান্ত তালিকায় ধর্ম নামক কলামটি না রাখার কথাও বলেছেন তিনি। তবে উপাচার্য একথা বললেও বিতর্ক থামছে না। একাংশ শিক্ষার্থীর অভিযোগ, এভাবে বিশ্ববিদ্যালয় দায় এড়াতে পারে না।
একই সঙ্গে সংশ্লিষ্ট অংশের মতে, গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর মানসিকতা স্পষ্ট। অধ্যাপকদের একাংশও জানিয়েছেন, মেধাতালিকায় ধর্মের উল্লেখ করার ঘটনা নিন্দনীয়। এমন ঘটনা না ঘটলেই ভাল হত।