
ব্রাত্য বসু
শেষ আপডেট: 5 December 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: উচ্চশিক্ষায় বড়সড় রদবদলের ইঙ্গিত মিলেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র তরফে বদলের খসড়া প্রকাশ পেতেই শোরগোল রাজ্য রাজনীতিতে। গোটা ব্যাপারটাকেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মনে করেছেন, এই সিদ্ধান্ত আসলে উচ্চ শিক্ষাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া ছাড়া কিছুই না।
বৃহস্পতিবার খসড়া প্রকাশ করে ইউজিসি-র চেয়ারম্যান জানান, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে বছরে দু'বার করে অ্যাডমিশন নেওয়ার ক্ষমতা আছে, সেই সব বিশ্ববিদ্যালয় দু’বার অ্যাডমিশন নিতে পারবে। জুলাই-অগস্ট এবং জানুয়ারি-ফেব্রুয়ারি সেশনে ভর্তি প্রক্রিয়া করতে পারবে তারা।
— Bratya Basu (@basu_bratya) December 5, 2024
আর এই সিদ্ধান্তের কথা জানতেই রাজ্যের শিক্ষামন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'ইউজিসি-র Draft UGC (Minimum Standards of Instructions in the Award of UG and PG Degrees) Regulations 2024 দেখে মনে হল এর সাধ অনেক, কিন্তু সাধ্যের বিষয়ে সে নিশ্চুপ। বিদেশের অনুকরণ করে উচ্চশিক্ষা ব্যবস্থার খোল-নলচে বদল হবে, কিন্তু অর্থ আসবে কোথা থেকে? '
শিক্ষামন্ত্রীর মতে এই সিদ্ধান্ত, 'আসলে চুপি চুপি পেছনের দরজা দিয়ে উচ্চশিক্ষাকে ব্যয়বহুল এবং বেসরকারি ক্ষেত্রের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, যাতে সাধারণ বাড়ির ছেলে মেয়েদের সাধ্যের বাইরে চলে যায়।'
ব্রাত্য বলেন, 'ওরা যত বেশি জানে, তত কম মানে'।
যদিও ইউজিসির যুক্তি, বর্তমানে উচ্চশিক্ষার আঙ্গিক ব্যাপক ভাবে পাল্টে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়ন ঘটছে ক্রমশ। উচ্চশিক্ষায় একের বেশি বিষয় নিয়ে পড়াশোনার আগ্রহ দেখা যাচ্ছে পড়ুয়াদের মধ্যে। অন্য দিকে, দু'টি বিষয় নিয়ে পড়াশোনা করলে পড়ুয়ার ক্রেডিট পয়েন্ট বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে তাকে এগিয়ে যেতে বেশি করে সাহায্য করবে।