
সাপ নিয়ে হাসপাতালে।
শেষ আপডেট: 22 November 2024 19:13
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পায়ে ছোবল মারা প্রকাণ্ড চন্দ্রবোড়া সাপকে নিয়ে হাসপাতালে হাজির যুবক। সাপ দেখে শিউরে উঠলেন চিকিৎসক ও নার্সরা।
সাপ চিনতে পারলে চিকিৎসা করতে সুবিধা হবে ডাক্তারদের। এমন ধারণা নিয়ে পায়ে ছোবল মারা প্রকাণ্ড সাপকে পালাতে দেননি যুবক কৌশিক দাস। তিনি ওই সাপটিকে ধরে নিয়েই বৃহস্পতিবার রাতে সটান পৌঁছে যান পূর্ব বর্ধমানের জামালপুর গ্রামীণ হাসপাতালে। সাপ সঙ্গে নিয়ে যুবককে হাসপাতালে আসতে দেখে প্রথমে শিউরে ওঠেন হাসপাতালে কর্তব্যরত ডাক্তার-নার্স-স্বাস্থ্য কর্মীরা। পরে অবশ্য যুবকের মুখ থেকে সর্প দংশনের কথা জানতে পেরে দ্রুত তার চিকিৎসা শুরু করেন। প্রাথমিক চিকিৎসার পর রাতেই এই যুবককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারই মধ্যে অবশ্য সাপটি মারা যায়।
কৌশিক দাসের বাড়ি জামালপুরের বেত্রাগড় গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাড়িতেই ছিলেন। রাত ৮টা নাগাদ কৌশিক তাঁদের ঘরের সদর দরজা খুলে বাইরে বেরোনো মাত্র তাঁর বাঁ পায়ের চেটোয় ছোবল দেয় সাপটি। কৌশিক সজোরে পা ছুঁড়লে সাপটি কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে। সাপটির আকৃতি দেখে কৌশিক চিৎকার জুড়ে দেয়। পরিবারের সবাই ঘর থেকে বাইরে বেড়িয়ে পড়েন। তারই মধ্যে কৌশিক পাকড়াও করে ফেলে ছোবল মারা সাপটিকে।
এরপর অর্ধমৃত অবস্থায় থাকা ওই সাপটিকে সঙ্গে নিয়েই পরিবারের লোকজনের সঙ্গে কৌশিক রাতেই পৌঁছে যান জামালপুর গ্রামীণ হাসপাতালে। জামালপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাঃ শঙ্খশুভ্র দাস শুক্রবার বলেন, "যে সাপ ছোবল দিয়েছে সেই সাপটি ডাক্তারবাবুকে দেখালে ঠিক চিকিৎসা মিলবে,এমন ধারণা অনেকেরই রয়েছে। তবে চিকিৎসা শাস্ত্র অনুযায়ী বিষয়টি তেমন নয়। তবে হ্যাঁ, সাপটিকে দেখে সেটি বিষধর কি না সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। সেই মতোই বৃহস্পতিবার রাতে সাপের কামড়ে জখম যুবকের চিকিৎসা হয়েছে। যুবকটিকে অ্যান্টিভেনাম দেওয়া হয়েছে।"
বিএমওএইচ জানান, কাউকে বিষধর সাপ কামড়ালে তার কিডনি ও নার্ভে বিষের কোনও প্রভাব পড়ছে কিনা তা জানার জন্য নির্দিষ্ট সময় অন্তর বিশেষ শারীরিক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। তার জন্যই সর্প দংশনে অসুস্থ যুবক কৌশিক দাসকে রাতেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কৌশিক দাস যে সাপটিকে নিয়ে হাসপাতালে হাজির হয়েছিল সেই সাপটির ছবি শুক্রবার জেলার বন আধিকারিক (ডিএফও) শঞ্চিতা শর্মাকে পাঠানো হয়। তারপরেই তিনি জানান,“সাপটি চন্দ্রবোড়া (Russel Viper)। এটি 'ভাইপারিডি' পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ। জঙ্গল এইসব সাপের ঠিকানা হলেও ইদানিং বসতি এলাকায় এই সাপ ঢুকে পড়ছে।