
আলু বোঝাই ট্রাক। ফাইল ছবি।
শেষ আপডেট: 22 November 2024 20:47
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কলকাতায় বর্তমানে আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কিলো দরে। আর তাতেই বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ভিনরাজ্যে আলু পাঠানো নিয়ে সুর চড়িয়েছেন। সীমান্তে যাতে কড়া নজরদারি থাকে সেই হুঁশিয়ারিও দিয়েছেন।
তবে এতে ব্যবসায়ীদের উল্টো সুর। রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি উত্তম পাল বলেন, "এই মুহূর্তে হিমঘরে আলু মজুত আছে চাষিদের। খুব অল্প আলু আছে ব্যবসায়ীদের। যদি ভিন রাজ্যে অর্থাৎ বিহার বা ঝাড়খণ্ডে আলু না যায় তাহলে সব থেকে সমস্যায় পড়বেন আলুচাষিরা। হিমঘরে মজুত আলু বিক্রি করেই নতুন বীজ কেনেন তাঁরা। এমনিতেই এবছর আলু বীজের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে।"
গত অগস্ট মাসে আলুর দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী ভিনরাজ্যে আলু রফতানি বন্ধ করার নির্দেশিকা জারি করেন। পুলিশ বাংলা-বিহার ও বাংলা-ঝাড়খণ্ড বর্ডার সিল করে দেয়। প্রতিবাদে ধর্মঘটে সামিল হন আলু ব্যবসায়ীরা।তবে শেষমেশ নবান্নে বৈঠকে জট কাটে।
বর্তমানে রাজ্যের হিমঘরগুলিতে ১০ থেকে ১২ শতাংশ আলু মজুত আছে। নভেম্বর মাস পর্যন্ত হিমঘরে আলু মজুত রাখা যাবে। তারপর হিমঘর বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু সেই ক্ষেত্রে এবার সময় বাড়ানো ছাড়া কোনও রাস্তা নাই বলে মন্তব্য করেন উত্তম পাল। কারণ বৃষ্টির জন্য এবছর আলু বসানোর সময় কম করে এক মাস পিছিয়ে গেছে। সুতরাং মজুত আলু দিয়েই বাজার চলবে।
আলু ব্যবসায়ী বিষ্ণু দত্ত বলেন, "হিমঘর থেকে এক বস্তা মানে ৫০ কেজি আলু বের করার পর তা বাছাই করে ৩৫ কেজি আলু পাওয়া যায়। আলু হিমঘর থেকে বের করার পর ঝাড়াই বাছাই করতে কম করে ৩০০ টাকা খরচ আছে। সুতরাং দাম তো বাড়েনি। এর থেকে দাম কমবে না। বর্তমানে বর্ধমানের বিভিন্ন বাজারে আলু বিক্রি হচ্ছে ৩২ টাকা কিলো দরে।"