
প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 November 2024 12:13
দ্য ওয়াল ব্যুরো: আসানসোলের বার্নপুরে বচসার জেরে এক যুবককে পিটিয়ে মারল স্থানীয় কয়েকজন যুবক। শুক্রবার রাতের ঘটনা। শনিবার সকালে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুপুরে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। শনিবারই দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মুকেশ চৌহান (৩৬) আসানসোলের বার্নপুরের রাধানগরের নিচু পাড়ার বাসিন্দা। পেশায় রং মিস্ত্রি। শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ মোটরবাইক নিয়ে বার্নপুরের ছিন্নমস্তা মন্দিরের রাস্তা দিয়ে বাড়ির ফিরছিলেন। সেই সময় ছিন্নমস্তা পুকুরের কাছে কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন তাঁকে ওই যুবকেরা মারধর করে। শনিবার সকাল ৯টা নাগাদ এলাকার বাসিন্দারা মুকেশকে রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পরিবারের সদস্যরা আসেন ও তাঁকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে হীরাপুর থানার পুলিশ। ঠিক কী কারণে এই বচসা ও কীভাবে মৃত্যু, তা জানতে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। শনিবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন আধিকারিকরা। তাদের লিখিত অভিযোগ দায়ের করার আবেদন করা হয়েছে। মুকেশের সঙ্গে পূর্ব কোনও শত্রুরা কারও ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, মৃত মুকেশের সঙ্গে শুক্রবার রাতে যাদের ঝামেলা হয়, তদের একাংশ বা হয়তো সকলেই তাঁর বন্ধু। তবে, মারধর চলাকালীন স্থানীয়রা কিছুই দেখল না বা কেউ আটকাতে এল না, এই বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি মারধরের পর সারা রাত মুকেশ অচৈতন্য অবস্থায় পড়েছিল এলাকায়, কিন্তু কীভাবে তা সকলের চোখ এড়িয়ে গেল সেই নিয়েও একাধিক প্রশ্ন তুলছে পুলিশ।