প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi) সম্প্রতি বঙ্গ সফরে বক্তৃতায় মা দুর্গা ও মা কালীর নাম উল্লেখ করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তা কোনও কাকতালীয় বিষয় নয়।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 20 August 2025 09:10
দ্য ওয়াল ব্যুরো: ২৬-এর বিধানসভা ভোটের আগে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। গত জুন মাসেই কলকাতায় (kolkata visit) এসেছিলেন তিনি। এবার শহরের কয়েকটি পুজোর উদ্বোধনে আসছেন বলেই খবর। জানা গিয়েছে, মহালয়ার পরদিন কলকাতা ও সল্টলেকের একাধিক পুজোয় উদ্বোধন করবেন শাহ।
রাজনৈতিক মহলের মতে, শাহের এই সফর নিছক উৎসবমুখর অনুষ্ঠান নয়, বরং আগামী নির্বাচনের প্রস্তুতির অঙ্গ। পশ্চিমবঙ্গে বিজেপি বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে। ভিনরাজ্যে বাঙালিদের ওপর হামলার অভিযোগে অস্বস্তিতে পড়েছে রাজ্যের বিজেপি নেতৃত্ব। তাই বাঙালিয়ানাকে আঁকড়ে ধরতেই এবার দুর্গোৎসবকে সামনে রেখে নতুন কৌশল নিয়েছে দল।
ইতিমধ্যেই সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপির উদ্যোগে ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’-এর খুঁটি পুজো হয়ে গেছে। এবার সেখানে পুজোর উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে উত্তর কলকাতারও কয়েকটি মণ্ডপে ফিতে কাটবেন তিনি। গত বছর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এসেছিলেন পুজো উদ্বোধনে। এবার সেই দায়িত্ব নিলেন শাহ নিজেই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi) সম্প্রতি বঙ্গ সফরে বক্তৃতায় মা দুর্গা ও মা কালীর নাম উল্লেখ করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তা কোনও কাকতালীয় বিষয় নয়। বিজেপি চাইছে, বাংলার সাংস্কৃতিক আবেগ ও ধর্মীয় আবহে নিজেদের আরও গ্রহণযোগ্য করে তুলতে।
তবে বাস্তব চিত্রটা ভিন্ন। কলকাতার প্রায় সব বড় পুজো কমিটি রাজ্যের শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠদের হাতে। বহুদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দুর্গোৎসবকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছেন। ফলে বিজেপির প্রচেষ্টা কতটা ফল দেবে, তা এখন সময়ই বলবে।
আগামী ২২ অগস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। চলতি বছরে এই নিয়ে তাঁর তৃতীয় বঙ্গ সফর হতে চলেছে এটি। কলকাতার তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন। পাশাপাশি দমদম সেন্ট্রাল জেল গ্রাউন্ডে মেগা জনসভা রয়েছে তাঁর। ছাব্বিশের নির্বাচন নিয়ে কী বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই নজর থাকবে সব মহলের।