
শেষ আপডেট: 5 January 2023 05:45
দ্য ওয়াল ব্যুরো: শৈত্যপ্রবাহ চলছে রাজ্যজুড়ে। কিন্তু রাজনীতির তাতে কী এসে গেল! উত্তরপ্রদেশের গত কয়েকদিনের রাজনীতির হালচাল দেখে এ কথাই মনে হওয়া স্বাভাবিক।
রাজ্যে পুরভোট করাতে চায় বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার। আর সেই ভোটকে ঘিরে বিজেপির বিরুদ্ধে কার্যত রাজনীতির কপিরাইট চুরির অভিযোগ তুলেছে বিরোধী শিবিরের প্রধান দুই দল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি। তাদের বক্তব্য, পুরভোটে অন্যান্য অনুন্নত শ্রেণির (ওবিসি) অংশের জন্য আসন সংরক্ষণের (OBC reservation) নামে তাঁদের সামাজিক ন্যায়ের রাজনীতি চুরি করতে চাইছে বিজেপি সরকার। যদিও সরকারের আসল উদ্দেশ্য সংরক্ষণের সুযোগ আইনি পথে আটকে দেওয়া।
অন্যদিকে, বিরোধীদের অভিযোগ খণ্ডন করতে যোগী আদিত্যনাথের সরকার আইনি লড়াইয়ে নেমেছে ওবিসি সংরক্ষণ চালু করে তারপর পুরভোট করাতে।
বিতর্কের সূত্রপাত, গত মঙ্গলবার। ওইদিন এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ ওবিসি সংরক্ষণ ছাড়াই পুরভোট করানোর নির্দেশ দেয়। হাইকোর্টের বক্তব্য, যেভাবে ওবিসি সংরক্ষণ চালু করা হচ্ছে তা সুপ্রিম কোর্ট নির্দেশিত পথ নয়। তাই এবার ওবিসি সংরক্ষণ ছাড়াই ভোট হোক।
হাইকোর্টের রায়ে মহা ফাঁপড়ে পড়ে যোগী সরকার। তারা বুঝতে পারে, রাজ্য সরকারের ভুলে ওবিসি সংরক্ষণ কার্যকর করা না গেলে ভোটের বাক্সে বিরূপ প্রভাব পড়বে। লোকসভা ভোটেও বিপাকে পড়বে দল।
এদিকে, হাইকোর্টের রায়কে সামনে রেখে এসপি এবং বিএসপি সুপ্রিমো, যথাক্রমে অখিলেশ যাদব (Akhilesh Yadav) ও মায়াবতী (Mayawati) রাজ্যে আন্দোলনের ডাক দিয়েছেন। তাঁদের অভিযোগ, যোগী সরকার লোক দেখানো সংরক্ষণের কথা বলে রাজনীতির ফায়দা তুলতে চায়। উচ্চবর্ণের পার্টি বিজেপির সরকার আদৌ আর্থিকভাবে পশ্চাৎপদ শ্রেণিকে সংরক্ষণের সুবিধা দিতে চায় না।
বিরোধীদের সম্মিলীত প্রচারের মুখে যোগী সরকার কালক্ষেপ না করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মঙ্গলবারই। একইসঙ্গে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট প্রদর্শিত পথে সংরক্ষণ চালু করতে রাতারাতি ওবিসি কমিশনও গঠন করে ফেলেছে।
বুধবার সরকারকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপর তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, সর্বোচ্চ আদালতে পরবর্তী শুনানির আগেই সরকার ভুলক্রটি অনেকটাই শুধরে নিতে পারবে। যদিও অখিলেশ ও মায়াবতী মুখ্যমন্ত্রী যোগীকে একপ্রকার তাড়া করে বেড়াচ্ছেন। তাঁদের বক্তব্য, যোগী সরকার অসৎ উদ্দেশ্যে সামাজিক ন্যায়ের রাজনীতি চুরি করছে। বিজেপি সরকার আদৌ ওবিসি-দের ভাল চায় না। গেরুয়া শিবিরের এই ছলনার রাজনীতির মুখোশ খুলে দিতেই শৈত্য প্রবাহের মধ্যেই রাজ্য জুড়ে প্রচারে নেমেছেন উত্তরপ্রদেশের রাজনীতির 'বুয়া' মায়াবতী এবং 'ভাতিজা' অখিলেশ।