
শেষ আপডেট: 17 November 2023 14:28
দ্য ওয়াল ব্যুরো: বাঁ পায়ের হাঁটুতে ফ্লুইড জমার জন্য মাস খানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অস্ত্রোপচার হয়েছে। সেই অস্ত্রোপচারে ত্রুটি ছিল বলে পরে সেখানে সংক্রমণ হয়ে যায় বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই নিরাময়ে সময় লেগেছে। মুখ্যমন্ত্রী এই সময়টা বাড়িতে ছিলেন। তখন দেখা গিয়েছে, কালীঘাটে সাংবাদিক বৈঠকে তিনি যখন এসেছেন, তাঁর পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাধে হাত রেখে ধীরে ধীরে হেঁটে এসে বসতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। এবার লতা বন্দ্যোপাধ্যায়ের পায়েও অস্ত্রোপচার করতে হবে বলে জানা গিয়েছে।
শুক্রবার সে কারণেই মাকে নিয়ে কদিনের জন্য মুম্বই গেলেন অভিষেক। এদিন দুপুরের বিমানে তিনি মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গিয়েছে। মুম্বইতে সম্ভবত ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পায়ের চিকিৎসা হবে অভিষেকের মায়ের।
ব্রিচ ক্যান্ডি হাসপাতালের হাঁটুর অস্ত্রোপচারের (knee replacement) জন্য নামডাক রয়েছে। একদা প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর হাঁটুর অস্ত্রোপচার হয়েছিল এই হাসপাতালে। ডাক্তারদের অনেকে বলেন, এ দেশে তারপর থেকে ‘নি রিপ্লেসমেন্টের’ ব্যাপারে সচেতনতা বেড়েছে।
বস্তুত ২০০১ সালে বাজপেয়ীর হাঁটুতে যখন অস্ত্রোপচার হয়, তখন এ দেশে নি রিপ্লেসমেন্ট সেরকমভাবে প্রচলিতও হয়নি। বাজপেয়ী বিদেশে গিয়ে চিকিৎসা করাতে রাজি ছিলেন না। শেষমেশ ব্রিচ ক্যান্ডি হাসপাতালের অর্থোপেডিক সার্জেন ডঃ চিত্তরঞ্জন রানাওয়াতের নেতৃত্বে একটি টিম তাঁর হাঁটুতে অপারেশন করেন।
কলকাতায় হাঁটুর অস্ত্রোপচার এখন অনেক হাসপাতালেই হয়। এমনকী কিছু হাসপাতালে হাঁটুতে রোবোটিক সার্জারিও হয়। তবে যাঁদের সামর্থ্য রয়েছে তাঁরা অনেকে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতাল, দিল্লির অ্যাপোলো হাসপাতাল বা মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসার জন্য যান। দিল্লির অ্যাপোলো হাসপাতালে কিছুদিন আগে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা।
চিকিৎসকরা বলেন হাঁটুতে অস্ত্রোপচারের পর ক'দিনের জন্য চলাফেরা একটু নিয়ন্ত্রিত রাখতে হয়। অভিষেকের মা'কেও হয়তো সপ্তাহ দুয়েকের জন্য তেমনই পরামর্শ দিতে পারেন চিকিৎসকরা। তারপর আবার ডিসেম্বর মাসের গোড়ায় বন্দ্যোপাধ্যায় পরিবারে বিয়ের অনুষ্ঠান রয়েছে। মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলের বিয়ে হবে কার্শিয়ংয়ের মেয়ের সঙ্গে। বিয়ের অনুষ্ঠান হবে কার্শিয়ংয়ে। সেই অনুষ্ঠানে যেতে পারেন মুখ্যমন্ত্রী। মুম্বই থেকে ফেরার পর ভাইয়ের বিয়েতে কার্শিয়ংয়ে যেতে পারেন অভিষেকও।