দ্য ওয়াল ব্যুরো : গত শনিবার প্রকাশিত হয়েছে সুরকার এ আর রহমানের জীবনী , 'নোটস অব এ ড্রিম: দি অথরাইজড বায়োগ্রাফি অব এ আর রহমান' । বইপ্রকাশ অনুষ্ঠানে রহমান বলেন, আমাকে অনেকেই প্রশ্ন করে, আমি যদি ইসলাম ধর্মে দীক্ষিত হই, তাহলে কি আপনার মতোই সফল হব?
এই প্রশ্নের উত্তরে কী বলেন রহমান ?
তিনি বলেন, কেউ ধর্মান্তরিত হল কিনা বড়ো কথা নয়। আসল কথাটা হল, তুমি সাফল্যের রাস্তা খুঁজে পাচ্ছ কিনা। তোমার মধ্যে বড় কিছু করার প্রেরণা আছে কিনা। আমার ক্ষেত্রে আধ্যাত্মিক গুরুরা, সুফি শিক্ষকরা আমাকে গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখিয়েছেন।
নিজের ধর্মবিশ্বাস সম্পর্কে রহমান বলেন, তা আমাকে অনেকবার পতন থেকে বাঁচিয়েছে। আমি ভাবি, আমার কোনও খারাপ কাজ করা উচিত নয়। কারণ আমাকে একটু বাদেই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। প্রার্থনা করলে মন শান্তিতে ভরে যায়।
অপর একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজের বিশ্বাস কখনই অন্যের ওপরে চাপিয়ে দেওয়া যায় না।
রহমানের জীবনী লিখেছেন কৃষ্ণ ত্রিলোক। তাঁর সহযোগী ছিল ল্যান্ডমার্ক ও পেঙ্গুইন র্যান্ডম হাউস। রহমান বলেন, কৃষ্ণ ত্রিলোক বইটি লেখার জন্য আমার সাক্ষাৎকার নিয়েছিলেন। তাঁকে আমার শিল্পী জীবন ও ব্যক্তি জীবনের এমন অনেক কথা বলেছি, যা আগে কেউ জানত না।
অন্য প্রসঙ্গে তিনি বলেন, মানুষ আমার কাজ পছন্দ করেন। তাঁদের পছন্দই শেষ কথা। আমি আশা করব, আমার বইটিও পাঠক ভালোবাসবেন।