
সাপ
শেষ আপডেট: 8 February 2025 19:45
দ্য ওয়াল ব্যুরো: কথায় কথায় জিভ বের করে সাপ, তা নিশ্চয়ই অনেক সময়ই খেয়াল করেছেন। শব্দ কিংবা শ্রবণের মাধ্যমে নয়, সাপের জিভের সাহায্যে আশেপাশের পরিবেশ বা শিকার সম্পর্কে তথ্য সংগ্রহের বিশেষ ক্ষমতা রয়েছে, যা হয়তো অনেকেই জানেন না। ছোটবেলা থেকে আমরা সাপকে বারবার জিভ বের করে হিস হিস শব্দ করতে দেখে অভ্যস্ত। তবে জানেন কি, এর পিছনে একটি চমকপ্রদ বিজ্ঞান রয়েছে?
কারণটা ঠিক কী?
লাইভ সায়েন্সের প্রতিবেদনে জানা গিয়েছে, সাপ বারবার জিভ বের করার মাধ্যমে সে বাইরের পরিবেশের অবস্থা বুঝতে চায়। আসলে সাপ তাদের জিভের সাহায্যে শিকার বা আশেপাশের সম্ভাব্য বিপদ সম্পর্কে তথ্য সংগ্রহ করে। সাপের শোনার ক্ষমতা নেই, তাই তারা গন্ধের মাধ্যমে শিকার কিংবা বিপদের উপস্থিতি শনাক্ত করতে পারে।
তাদের জিভ যখন বারবার বের হয়, তখন এটি বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র কণার গন্ধ গ্রহণ করে। তারপর সাপের মুখের উপরের অংশে থাকা জ্যাকবসন নামক একটি অঙ্গে সেই গন্ধ প্রবাহিত হয়, যা তাদের মস্তিষ্কে সংকেত পাঠায়, আর সাপ বুঝতে পারে যে সেখানে কোনও শিকার বা বিপদ রয়েছে কি না।
শুধুই সাপ নয়, তালিকায় আছে গিরগিটি বা টিকটিকিও
এটি শুধু সাপের ক্ষেত্রে নয়, গিরগিটি বা টিকটিকির মতো অন্যান্য প্রাণীতেও এই অঙ্গটি দেখা যায়। কিছু সাপ, যেমন- ব্ল্যাক মাম্বা বা কিং কোবরা, তাদের বিষের কারণে খ্যাত, আবার কিছু সাপ শিকারের হত্যার জন্যও বিখ্যাত। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, সাপের পা নেই, এবং তাদের জীবনের জন্য এটি তাদের এক অভূতপূর্ব অভিযোজন।