Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

চাঁদের পথে রাজকীয় ভোজ! পাউরুটি বাদ পড়লেও নাসার মেনুতে পাকা আম থেকে ৪৩ কাপ কফি, আর কী থাকছে?

চাঁদের উদ্দেশে আর্টেমিস–টু অভিযানে মহাকাশচারীদের জন্য বিশেষ মেনু তৈরি করেছে নাসা। পাউরুটি বাদ দিয়ে রাখা হয়েছে টর্টিলা, পাকা আম, কফি, ডেজার্টসহ নানা খাবার। কেন এই সিদ্ধান্ত, জানুন বিস্তারিত।

 

চাঁদের পথে রাজকীয় ভোজ! পাউরুটি বাদ পড়লেও নাসার মেনুতে পাকা আম থেকে ৪৩ কাপ কফি, আর কী থাকছে?

ছবি: এআই

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 April 2026 16:38

দ্য ওয়াল ব্যুরো: মহাকাশে মানুষের জীবনযাপন যতটা রোমাঞ্চকর, তার পিছনে ততটাই নিখুঁত পরিকল্পনা লুকিয়ে থাকে। বিশেষ করে খাবারের ক্ষেত্রে একটুও ঝুঁকি নিতে চায় না নাসা। চাঁদের উদ্দেশে যাত্রা করা আর্টেমিস–টু (Artemis II) অভিযানের চার মহাকাশচারীর মেনু তৈরি করার সময় তাই নিরাপত্তা ও পুষ্টি, দুই বিষয়কেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আর সেই কারণেই আগামী দশ দিনের খাদ্যতালিকা থেকে বাদ পড়েছে পাউরুটি।

মাইক্রোগ্র্যাভিটির পরিবেশে পাউরুটি ভেঙে ছোট ছোট গুঁড়োয় পরিণত হতে পারে, যা মহাকাশযানের যন্ত্রপাতি বা মহাকাশচারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই ঝুঁকি এড়াতেই পাউরুটির বদলে রাখা হয়েছে মেক্সিকান টর্টিলা। রুটি–জাতীয় এই খাবার সহজে গুঁড়ো হয় না, ফলে মহাকাশে ব্যবহার করা অনেক বেশি নিরাপদ।

এই অভিযানে রয়েছেন কম্যান্ডার রিড ওয়াইজ়মান, পাইলট ভিক্টর গ্লোভার এবং দুই মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কখ ও জেরেমি হ্যানসেন। তাঁদের মধ্যে কেউ কফিপ্রেমী হলেও নির্দিষ্ট সীমার মধ্যেই কফি খেতে হবে। নাসা জানিয়েছে, দশ দিনের অভিযানে মাথাপিছু সর্বোচ্চ ৪৩ কাপ কফি খাওয়ার অনুমতি রয়েছে।

ইউএস মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) জানিয়েছে, ওরিয়ন ক্যাপসুলে রাখা সমস্ত খাবারই দীর্ঘদিন সংরক্ষণযোগ্য করে তৈরি করা হয়েছে। খাবারগুলো মূলত তিন ধরনের ‘ফ্রিজ-ড্রায়েড’, ‘থার্মোস্টেবিলাইজড’ এবং ‘রেডি-টু-ইট’। ফ্রিজ-ড্রায়েড খাবার পানযোগ্য জল মিশিয়ে তৈরি করা যাবে, থার্মোস্টেবিলাইজ়ড খাবার তাপে প্রক্রিয়াজাত হওয়ায় দীর্ঘদিন ভালো থাকে, আর রেডি-টু-ইট খাবার সরাসরি প্যাকেট থেকেই খাওয়া যায়।

চার মহাকাশচারীই আগেভাগে স্বাদ পরীক্ষা করে নিজেদের পছন্দমতো মেনু নির্বাচন করেছেন। প্রতিটি খাবারই নাসার কঠোর পুষ্টি নির্দেশিকা মেনে তৈরি করা হয়েছে। কফির পাশাপাশি তাঁদের জন্য রাখা হয়েছে গ্রিন টি, ম্যাঙ্গো-পিচ স্মুদি, চকোলেট, ভ্যানিলা ও স্ট্রবেরি ব্রেকফাস্ট ড্রিঙ্ক, লেমনেড, অ্যাপল সাইডার, পাইনঅ্যাপল ড্রিঙ্ক এবং কোকো।

এছাড়াও রয়েছে পাঁচ ধরনের ঝাল সস, ম্যাপল সিরাপ, চকোলেট স্প্রেড, পিনাট বাটার, আমন্ড বাটার, ঝাল মাস্টার্ড, স্ট্রবেরি জ্যাম, মধু এবং দারুচিনি। ফলের তালিকায় জায়গা পেয়েছে পাকা আমও। মেন ডিশে টর্টিলার পাশাপাশি গমের রুটি, বিভিন্ন সবজি, ব্রেকফাস্ট সসেজ, ব্লুবেরি গ্রানোলা, কাজুবাদাম, বারবিকিউ বিফ ব্রিসকেট, ব্রকলি ও’গ্রাটিনসহ আরও নানা খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

মহাকাশচারীদের জন্য ডেজার্টের দিকটাও ভুলে যায়নি নাসার খাদ্য বিশেষজ্ঞরা। ওরিয়ন ক্যাপসুলে রাখা হয়েছে পুডিং, কবলার, কেক, কুকিজ়, চকোলেট এবং আমন্ড ক্যান্ডির মতো ছয় ধরনের ডেজার্ট। কোন মহাকাশচারী কতটা খাবেন, তা তাঁদের শারীরিক অবস্থা ও ওজন অনুযায়ী অভিযান শুরুর আগেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।


```