
শেষ আপডেট: 8 April 2024 14:46
দ্য ওয়াল ব্যুরো: সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস দলেও বাংলার একজন প্রতিনিধি রয়েছেন। তিনি ডানহাতি পেসার যশ ঠাকুর। আইপিএলে প্রথম পাঁচ উইকেট নেওয়া বোলার এই ২৫ বছর বয়সি তরুণ পেসার।
যশের জন্ম কলকাতার তালতলায়। শিক্ষার প্রাথমিক পাঠ যশ শুরুও করেছিলেন জোড়া গির্জার সেন্ট জেমস স্কুলে। তারপর ১২ বছর বয়সে ছোট্ট যশরা পাকাপাকিভাবে বিদর্ভ চলে গিয়েছিলেন। বাবার বদলির চাকরি, তিনি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন।
রবিবার গুজরাত টাইটানস ম্যাচের সেরাও হয়েছেন এই পেসার। যাঁর দুরন্ত বোলিংয়ে এককথায় ধরাশায়ী হয়ে গিয়েছে শুভমান গিলের দল। ৩০ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেওয়াই নয়, পাশাপাশি তিনি বিপক্ষ দলের মিডলঅর্ডারকে ধ্বংস করে দিয়েছেন।
ম্যাচ শেষে যশ নিজেই জানিয়েছেন তাঁর কলকাতা কানেকশনের কথা। তিনি জানান, কলকাতায় আটবছর বয়সে বোর্নভিটা ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তিও হয়েছিলেন। সেই ছেলে যে ভিনরাজ্যে পাড়ি দিয়ে বিদর্ভের হয়ে রঞ্জি জিতবেন, এমনকী আইপিএলে তারকা হয়ে যাবেন, সেটিও বিস্ময়ের।
লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক কেএল রাহুলও বলেছেন, যশের ম্যাচে ছোট্ট স্পেলই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। গুজরাতকে ১৩০ রানে বেধে রাখার কাজটিও করেছেন যশ। আইপিএলের ওয়েবসাইটে সাক্ষাৎকার দিতে গিয়ে যশ জানান তিনি ধোনির বড় ফ্যান, ইচ্ছেও রয়েছে একদিন চেন্নাই সুপার কিংস দলে খেলে মাহির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করা।
আগামী ১৪ এপ্রিল ইডেনে কেকেআরের বিরুদ্ধে পরের ম্যাচে নামবে লখনউ সুপার জায়ান্টস। ওই ম্যাচেও নিজের জন্মভূমির বিরুদ্ধে নিজেকে প্রমাণ করতে নামবেন বিনোদন লিগের নয়া তারকা।