
পিএসএল
শেষ আপডেট: 8 May 2025 19:25
দ্য ওয়াল ব্যুরো: আগে যে প্রত্যাঘাত আটকে ছিল বাহাওয়ালপুর ও পাক অধিকৃত কাশ্মীরে, আজ সেটাই আঁচ ফেলেছে রাওয়ালপিন্ডিতে (Rawalpindi)। তাও কোনও জঙ্গিঘাঁটিতে আক্রমণ চালায়নি ভারতীয় সেনা। নিশানা এবার ক্রিকেট স্টেডিয়াম। ড্রোন হামলায় (Drone Attack) রাওয়ালপিন্ডির ময়দান আংশিক ক্ষতিগ্রস্ত। দুজন স্থানীয় বাসিন্দার আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
এহেন সার্জিক্যাল স্ট্রাইকে (Surgical Strike) রীতিমতো কাঁপুনি ধরেছে পাক ক্রিকেটে। তীব্রতা এতটাই যে, পিএসএলে (PSL) আজ রাত আটটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে ম্যাচের, সেই পেশওয়ার জলমি বনাম করাচি কিংসের দ্বৈরথ বাতিল ঘোষণা হয়েছে। ভীত-সন্ত্রস্ত বিদেশি ক্রিকেটারদের বড় অংশ। অনেকেই দেশে ফেরার বন্দোবস্ত করছেন।
শুধু তাই নয়। ভারত আগামিদিনে আরও হামলা চালাতে পারে ভেবে সুরক্ষার স্বার্থে করাচি, দোহা ও দুবাইয়ে পাকিস্তান সুপার লিগের যাবতীয় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ভেন্যুর সংখ্যা লক্ষ্যণীয়ভাবে কমিয়ে আনা হয়েছে। যদিও এর জন্য লিগ থমকে থাকবে না বলে জানিয়েছে তারা। বাকি লড়াই পূর্বনির্ধারিত দিনক্ষণ মেনেই আয়োজিত হওয়ার কথা। যদিও দু’দেশের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে পিএসএল কতটা নির্ঝঞ্ঝাটে আয়োজিত হবে, তা-ই নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হচ্ছে।
পাক মিডিয়া সূত্রে খবর, পিসিবি আজ তড়িঘড়ি পিএসএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠকে বসে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের সেই মিটিংয়ে বাকি সমস্ত ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে বাকি টুর্নামেন্ট নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে এবং বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজও যাতে বিনা বাধায় আয়োজিত হয়, সেই বিষয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে খবর।