4.png)
বন্দনা কাটারিয়া
শেষ আপডেট: 18 April 2025 15:45
দ্য ওয়াল ব্যুরো: এই মাসের শুরুতে আন্তর্জাতিক খেলা থেকে অবসর (Retirement) ঘোষণা করেছেন ভারতের মহিলা হকি তারকা বন্দনা কাটারিয়া (Bandana Kataria)। অবসান হয়েছে তাঁর ১৫ বছরের দীর্ঘ কেরিয়ারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই হকি তারকাকে খেলাধুলায় তাঁর অবদানের জন্য প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, বন্দনা কাটারিয়া তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে ৩২০টি আন্তর্জাতিক ম্যাচ (International Match) খেলে তাঁর দক্ষতা এবং নেতৃত্বের প্রমাণ দিয়েছেন, যা ভারতীয় হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ভারতের হয়ে সর্বাধিক ক্যাপধারী মহিলা হকি খেলোয়াড় কাটারিয়া এই মাসের শুরুতে আন্তর্জাতিক খেলা থেকে অবসর ঘোষণা করেন। ৩২ বছর বয়সি এই স্ট্রাইকার ভারতের হয়ে ৩২০টি ম্যাচে ১৫৮টি গোল করেছেন এবং ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) ঐতিহাসিক চতুর্থ স্থান অর্জনকারী জাতীয় দলের অংশ ছিলেন।
'এক্স'-এ শেয়ার করা চিঠিতে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, 'ভারতীয় মহিলা হকি দলের একজন দুর্দান্ত খেলোয়াড় হিসাবে সাফল্যে ভরা একটি দুর্দান্ত কেরিয়ারের জন্য অভিনন্দন এবং জীবনের নতুন ইনিংস শুরু করার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আপনি খেলাধুলার মাধ্যমে দেশবাসীকে গর্বিত বোধ করার অনেক সুযোগ দেওয়ার পাশাপাশি, বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় পতাকাকে সমুন্নত রাখতে বিশাল অবদান রেখেছন।'
হরিদ্বারের রোশনাবাদে জন্মগ্রহণকারী কাটারিয়া এক সাধারণ পরিবার থেকে এসেছিলেন। তাঁর বাবা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের (BHEL) একজন টেকনিশিয়ান হিসাবে কাজ করতেন। বন্দনা জাতিগত ও লিঙ্গভিত্তিক নির্যাতনের পাশাপাশি দুর্বল স্বাস্থ্য এবং বিষণ্ণতার সঙ্গে লড়াই করে ভারতীয় হকি কিংবদন্তি হয়ে ওঠেন।
প্রধানমন্ত্রী বলেন, 'সাধারণ পরিবার থেকে উঠে এসে আপনার কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং অঙ্গীকার হকির জগতে একটি চিহ্ন তৈরি করেছে। এই যাত্রা অসাধারণ। ভারতীয় মহিলা হকির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হওয়া আপনার ব্যতিক্রমী দক্ষতার প্রমাণ। একজন অধিনায়ক হিসাবে আপনার নেতৃত্বের দক্ষতা এবং দলীয় মনোভাব প্রশংসনীয় ছিল এবং আপনি হকিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।'
পাশাপাশি নরেন্দ্র মোদী এক্সে লিখেছেন, 'বিভিন্ন প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার সময়, দলের প্রয়োজন অনুসারে খেলায় আপনার উৎসাহ এবং বৈচিত্র্য প্রশংসাযোগ্য। জুনিয়র মহিলা বিশ্বকাপে ভারতের হয়ে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জয় হোক বা মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সোনা জয় বা এইআইএইচ (FIH) মহিলা নেশনস কাপে সোনা জয়, আপনার কেরিয়ার এমন অনেক সাফল্যে পরিপূর্ণ।'
কাটারিয়া হলেন প্রথম এবং একমাত্র ভারতীয় মহিলা যিনি অলিম্পিক্সে হ্যাটট্রিক করেছেন। প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, 'আপনার কেরিয়ারে এমন অনেক মুহূর্ত এসেছে যা ভক্তদের মনে সর্বদা জাগ্রত থাকবে। এর মধ্যে একটি হল ২০২০ টোকিও অলিম্পিক্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আপনার হ্যাটট্রিক, যা দীর্ঘ সময় ধরে মনে থাকবে। একজন খেলোয়াড় হিসাবে, লক্ষ লক্ষ ক্রীড়াপ্রেমীর প্রত্যাশা পূরণ করা এবং ক্রমাগত নিজেকে উন্নত করে চলা একটি বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক হকি থেকে অবসর নেওয়ার পর, যখন আপনি আপনার কেরিয়ারের দিকে ফিরে তাকাবেন, তখন আপনার অবশ্যই মনে হবে যে, আপনি এমন কিছু করেছেন যা আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের গর্বিত করবে।'
মোদি সেই সঙ্গে উল্লেখ করেছেন, 'ভারতের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসাবে, আপনি যে উচ্চ মান নির্ধারণ করেছেন, তা তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা। আমি নিশ্চিত যে, অবসর গ্রহণের পরেও আপনি খেলার সঙ্গে যুক্ত থাকবেন এবং ভারতীয় হকিকে আরও শক্তিশালী করবেন। আপনার সমৃদ্ধ অভিজ্ঞতা এবং দক্ষ নির্দেশনা দিয়ে আমাদের প্রজন্মকে উপকৃত করবেন।'