
শেষ আপডেট: 17 November 2023 00:51
দ্য ওয়াল ব্যুরো: প্রি-ওয়ার্ল্ড কাপে দুরন্ত জয় পেল ভারতীয় দল। তারা কুয়েতকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে। মনবীর সিংয়ের গোলে জিতে গিয়েছে ইগর স্টিম্যাশের দল। প্রথমার্ধে খেলা ছিল গোলশূন্য। খেলা শেষের ১৫ মিনিট আগে মনবীর গোল দিয়ে বাজিমাত করেছেন। ৭৫ মিনিটে মনবীর গোলটি করেন। সেই গোল আর শোধ করতে পারেনি কুয়েত।
বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বিদেশের মাঠে গিয়ে সুনীল ছেত্রীদের এই জয় নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রথমার্ধ ছিল গোলশূন্য। কোনও দলই গোল করতে পারেনি। খেলার ৭৫ মিনিটে ছবিটাই বদলে যায়।
মাঠের বাঁ দিক থেকে ছাংতে বল বাড়ান মনবীরকে লক্ষ্য করে। কুয়েতের ডিফেন্ডার কাছেই ছিলেন। মনবীরের বাঁ পায়ের শট কুয়েতের গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। এই কুয়েতকে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাডেন ডেথে হারান সুনীল ছেত্রীরা। এবারও তাঁরা জিতে মাঠ ছাড়লেন।
কুয়েতের জাবের আল-আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলাটি হয়েছে। এবার কোয়ালিফিকেশন পর্বে গ্রুপ ‘এ’-তে আছে ভারত। যে গ্রুপে কুয়েতের পাশাপাশি আছে কাতার এবং আফগানিস্তানও।
কুয়েতের মাঠে শেষ বাঁশির পরে যেভাবে দর্শকরা সবাই আনন্দ করেছেন ভারতীয় দলকে নিয়ে। তাতে অভিভূত দলের ফুটবলাররা। ভারতীয় সমর্থকরা ‘ভাইকিং ক্ল্যাপ’ দেন। খেলা শেষে সুনীল ছেত্রীরা তাঁদের ধন্যবাদ জানিয়ে এসেছেন।
বৃহস্পতিবারও কোচ ইগর দল নিয়ে নানা পরীক্ষা করিয়েছেন। তিনি মনবীরকে তুলে নিয়েছেন গোল করার পরেই। এমনকী তুলে নেন সাহাল আব্দুল সামাদকেও। বদলে মাঠে নামান লিস্টন কোলাসো ও অনিরুদ্ধ থাপাকে। কোচ আবার সুনীলকে তুলে নিয়েও সময় নষ্ট করেছেন।
এমনকী ম্যাচের ৬৪ মিনিটে ইস্টবেঙ্গলের তারকা নাওরেম মহেশকে তুলে নিলেন অবাক করে দিয়ে। মহেশ ভাল খেলছিলেন। ইগর নামান ছাংতেকে। যদিও ছাংতেরও গোলের জন্য ভূমিকা রয়েছে। এদিন ম্যাচে বেশ কয়েকটি ভাল সেভ করেছেন গোলরক্ষক গুরপ্রিৎ সিং সান্ধু।