মধ্যপ্রাচ্যের বড় বিমানবন্দরগুলোয় যাতায়াতে ইতোমধ্যে ব্যাঘাত ঘটছে। মেলবোর্নে মরসুম-উদ্বোধনী রেসে যাওয়া কর্মীরাও যথেষ্ট ভোগান্তিতে।

ছবি: গুগল
শেষ আপডেট: 15 March 2026 11:56
দ্য ওয়াল ব্যুরো: ইরান সংঘাতের আঁচ এবার পড়ল ফর্মুলা ওয়ানের (Formula 1) ক্যালেন্ডারে। এপ্রিলে নির্ধারিত বাহারিন ও সৌদি আরবের গ্রাঁ প্রি বাতিল ঘোষণা করল এফ১ কর্তৃপক্ষ। রোববার সকালে সাংহাইয়ে চিনা গ্রাঁ প্রির আগে এই সিদ্ধান্ত সামনে আসে। যা নিরাপত্তার কারণে নেওয়া এবং বিকল্প কোনও ব্যবস্থা এপ্রিলে সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে৷ পাশাপাশিভাবে ফর্মুলা টু, ফর্মুলা থ্রি ও এফ১ অ্যাকাডেমির সমস্ত রাউন্ড বাতিল, পরে আয়োজনের সম্ভাবনা নেই৷
কেন এই সিদ্ধান্ত?
আমেরিকা ও ইজরায়েলের হামলার পর ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। বাহারিন ও সৌদি আরব—দুটো দেশেই সেই আঁচ অনুভূত হচ্ছে। ফর্মুলা ওয়ানের মতো বিশাল আয়োজনে শত শত টন সরঞ্জাম, কয়েকশো কর্মী ও বিশ্বের সেরা ড্রাইভারদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। মধ্যপ্রাচ্যের বড় বিমানবন্দরগুলোয় যাতায়াতে ইতোমধ্যে ব্যাঘাত ঘটছে। মেলবোর্নে মরসুম-উদ্বোধনী রেসে যাওয়া কর্মীরাও যথেষ্ট ভোগান্তিতে।
ফর্মুলা ওয়ান সিইও স্তেফানো দোমেনিকালি বলেন, 'সিদ্ধান্তটা কঠিন ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে এটাই সঠিক।' এফআইএ সভাপতি মহম্মদ বেন সুলায়েমের সংযোজন, 'আমাদের কমিউনিটির নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।'
রেস কি পরে আয়োজিত হবে?
সহজ উত্তর: না। ইমোলা ও পোর্তিমাও সার্কিটের নাম বিকল্প হিসেবে আলোচনায় উঠেছিল। কিন্তু ফর্মুলা ওয়ান ক্যালেন্ডার আগে থেকেই ঠাসা। এপ্রিলে কোনো বিকল্প রেস রাখা সম্ভব হয়নি। দুটো রেসই এবারের মতো পাকাপাকিভাবে বাতিল। ফলে ২৯ মার্চ জাপানি গ্রাঁ প্রি শেষে পরবর্তী রেস ৩ মে মায়ামিতে—মধ্যে পাঁচ সপ্তাহের বিরতি। ফর্মুলা ওয়ান মরসুমে এই দীর্ঘ অবসর বিরল। এবারের চ্যাম্পিয়নশিপে মোট রেস হবে ২২টি—২০২৩ সালের পর সবচেয়ে ছোট ক্যালেন্ডার।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার গ্রাঁ প্রি-র চুক্তি বাতিল করেছিল এফ১ কর্তৃপক্ষ। সেই একই বছর সৌদি আরবে রেস চলাকালীন কাছেই হুথি হামলায় তেলের ডিপোতে আগুন লাগে, ধোঁয়া দেখা গিয়েছিল সার্কিট থেকে—তবু রেস সম্পূর্ণ হয়েছিল। আয়োজক সংস্থা যদিও এবার ঝুঁকি নিতে এতটুকু রাজি নয়৷